রোহিঙ্গা সমস্যা সমাধানে বৈশ্বিকভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নেদারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল। দেশটিতে নাইজেরিয়ান ছাত্র সংগঠন আয়োজিত শরণার্থী বিষয়ক সেমিনারে এ আহ্বান জানান তিনি। অনুষ্ঠানটি আয়োজনে সহায়তা করেছে ইরাসমাস বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব সোস্যাল স্ট্যাডিজ (আইএসএস), নাইজেরিয়ান দূতাবাস এবং বাংলাদেশ দূতাবাস।
রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল মিয়ানমার থেকে বিতাড়িত দশ লক্ষাধিক রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার মাধ্যমে বাংলাদেশ যে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে তা তুলে ধরেন। এই সমস্যা সমাধানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশন চলাকালে শরণার্থী বিষয়ক উচ্চ পর্যায়ে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া প্রস্তাবনার ওপরও জোর দেন তিনি।
বৈশ্বিক অভিবাসনের বাস্তবিক ইতিহাস, বর্তমান এবং ভবিষ্যৎ বৈশ্বিক অভিবাসন প্রবণতার প্রতি লক্ষ্য রেখে সকলের জন্য মঙ্গলজনক কার্যকর অভিবাসন ব্যবস্থাপনার উপর রাষ্ট্রদূত গুরুত্ব আরোপ করেন। রাষ্ট্রদূত বেলাল জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকালে মাননীয় প্রধানমন্ত্রীর অংশগ্রহণে উচ্চ পর্যায়ের প্যানেলে প্রস্তাবিত ‘Global Compact on Refugees’ গ্রহণের জন্য সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করারও আহ্বান জানান।
IMG0
দি হেগস্থ বিভিন্ন দূতাবাস এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিবৃন্দ, ছাত্র-শিক্ষকগণ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং অন্যান্য পেশাজীবিরা এই সেমিনারে অংশগ্রহণ করেন। লাইডেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর টন ডিয়াজ, আইএসএস-এর সহকারী প্রফেসর ডক্টর হেলেন হিন্টজেন্স এবং নাইজেরিয়ান দূতাবাসের প্রতিনিধিও সেমিনারে বক্তব্য রাখেন।
ইত্তেফাক/টিএস
