চ্যারিটি কনসার্টে সিডনি যাচ্ছেন মাকসুদ ও চিরকুট

আপডেট : ০৬ অক্টোবর ২০১৮, ১৫:৫৭
আসছে ১৩ অক্টোবর শনিবার সিডনির নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের সায়েন্স থিয়েটারে আয়োজিত হতে যাচ্ছে বাংলাদেশি সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাদেশ নাইট ২০১৮। অনুষ্ঠানে দর্শক-শ্রোতাদের সুরের মূর্ছনায় বিমোহিত করতে প্রথমবারের মতো সিডনি আসছেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল চিরকুট। সেই সঙ্গে ব্যান্ড দল 'মাকসুদ ও ঢাকা’।
 
লিসেনফর’-এর আয়োজনে সিডনিতে বাংলাদেশের দুঃস্থ ও পথ শিশুদের সাহাযার্থে ‘চিরকুট’ এবং 'মাকসুদ ও ঢাকা’ করতে যাচ্ছে এই চ্যারিটি কনসার্ট। চিরকুট এবং মাকসুদ ও ঢাকা’র এই জমজমাট সঙ্গীত সন্ধ্যার অপেক্ষায় রয়েছে সিডনি প্রবাসী বাংলাদেশিরা।
 
কনসার্টের টিকিট ও অন্যান্য তথ্যের জন্য deshievents.com.au ওয়েবসাইটে যোগাযোগ করতে বলা হয়েছে। অনুষ্ঠান থেকে আয়কৃত অর্থের একটি অংশ বিভিন্ন দাতব্য খাতে অনুদান হিসেবে করা হবে জানিয়ে সকলকে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন অন্যতম আয়োজক মাহমুদ হোসেন ইমন ও আক্তার উদ্দীন টিপু। 
 
অনুষ্ঠানটির সার্বিক বাবস্থাপনায় থাকছে ‘লিসেন ফর’ এবং সহযোগিতায় আছে বাংলাদেশের সুপরিচিত ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ক্রিয়েটো।
 
লিসেন ফর-এর সামগ্রিক কার্যক্রম পরিচালিত হয় দাতব্য উদ্দেশে। সেভ দ্যা চিলড্রেন বাংলাদেশ এর পাশাপাশি এবার তাদের সাহায্যর পরিধিতে রয়েছে সুবিধা বঞ্চিত অজ পাড়াগাঁয়ের একটি বিদ্যালয়। 
 
২০১৫ সালের ১৫ মে থেকে লিসেন ফর সংগঠনটির এর যাত্রা শুরু হয়। দুঃস্থ শিশুদের সাহাযার্থে সংগঠনটি কাজ করার লক্ষ্যে গত বছর ও একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে। এ থেকে অর্জিত সমস্ত অর্থ দিয়ে ৫ জন দুঃস্থ শিশুকে সাহায্য করার জন্য পদক্ষেপ গ্রহণ করে।
 
বাংলাদেশি শিশুদের অধিকার সংরক্ষণ, শিশুশ্রম নিরসন, প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদানসহ যাবতীয় মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে কাজ করবে ‘লিসেন ফর’।
 
ইত্তেফাক/কেআই