মিয়ানমারের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে ইইউ

আপডেট : ০৫ অক্টোবর ২০১৮, ১২:৫২
রোহিঙ্গাদের বিরুদ্ধে নির্যাতন ও সৃষ্ট সংকটের কারণে মিয়ানমারের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করতে পারে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বার্তা সংস্থা রয়টার্স ইইউ’র তিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। 
 
খবরে বলা হয়, ইউরোপীয় কমিশনে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি আলোচনার পর্যায়ে রয়েছে। বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করা হলে বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্য ব্লকে মিয়ানমারের পণ্যের শুল্কমুক্ত সুবিধা কেড়ে নেওয়া হতে পারে। এর আওতায় মিয়ানমারের টেক্সটাইল শিল্পকেও রাখা হতে পারে।
 
তবে এই নিষেধাজ্ঞা তাত্ক্ষণিকভাবে কার্যকর করা হবে না। মিয়ানমারকে ছয় মাস সময় দেওয়া হবে। যদি তারা মানবাধিকার ও গণতান্ত্রিক লক্ষ্য পূরণ করতে পারে, তাহলে নিজেদের অবস্থান থেকে সরে আসতে পারে ইইউ।
 
ইউরোপীয় কমিশনের এক কর্মকর্তা বলেন, মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপ হলে তাতে জনগণ ক্ষতিগ্রস্ত হবে। এ বিষয়ে আমাদের উদ্বেগ রয়েছে। তবে আমরা রোহিঙ্গাদের বিরুদ্ধে চালানো নৃশংসতাকে অবজ্ঞা করতে পারি না। 
 
জাতিসংঘ ওই সামরিক অভিযানকে গণহত্যা বলে আখ্যা দিয়েছে। ইতিমধ্যে ইইউ এখন পর্যন্ত মিয়ানমারের সামরিক বাহিনীর কয়েকজন সদস্যের সম্পদ জব্দ করাসহ ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে।
 
ইত্তেফাক/ জেআর