প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে আগামী ৭ ও ৯ অক্টোবর নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘হুমায়ূন মেলা’। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের কুইন্স প্যালেসে এ মেলা সকাল ১১টা থেকে চলবে রাত ১০টা পর্যন্ত। মেলার উদ্বোধন করবেন প্রয়াত হুমায়ূন আহমেদের স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন।
মেলা উপলক্ষে আয়োজিত সেমিনার ও আলোচনায় অতিথি থাকবেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন নেসা, কথাসাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, লেখক জ্যোতি প্রকাশ দত্ত, পূরবী বসু, মাহবুব হাসান সালেহ, প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ ও বেলাল বেগ।
এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইবেন হুমায়ূনের প্রিয় শিল্পীরা। তারা হলেন- মেহের আফরোজ শাওন, এসআই টুটুল, সায়েরা রেজা, কৃষ্ণা তিথি, কামরুজ্জামান বকুল, চন্দন চৌধুরী, রানা নেওয়াজ, শাহ মাহবুব ও সেলিম ইব্রাহিম।
মেলায় থাকবে শাড়ি-কাপড়, জুয়েলারি, হুমায়ূন আহমেদের বইসহ বিভিন্ন পণ্যের স্টল।
এদিকে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের পালকি সেন্টারে এক সংবাদ সম্মেলনে অভিনেত্রী মেহের আফরোজ শাওন বলেন, শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম দ্বিতীয়বারের মতো নিউইয়র্কের এই মেলার আয়োজন করেছেন, যা সত্যিই প্রশংসনীয়। হুমায়ূন আহমেদের আগেকার যেসব নাটকের ছোট ছোট ভিডিও ক্লিপস আজ সোশ্যাল মিডিয়াতে দেখি। তখন মনে হয় তাকে আজও সবাই ভালবাসেন।
তিনি বলেন, আমি গত কয়েকদিন আগে ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন অনুষ্ঠান দেখলাম। আশা করি আগামীতে নিউইয়র্কে হুমায়ূন আহমেদ মেলা শুধু মেলাতে সীমাবদ্ধ না থেকে হুমায়ূন আহমেদ সম্মেলন হবে। এ ব্যাপারে শাওন স্পন্সর, মিডিয়া এবং শো টাইম মিউজিকের দৃষ্টি আকর্ষণ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- মেলার আয়োজন এসএমপির কর্ণধার আলমগীর খান আলম, স্পন্সর প্রতিষ্ঠান এনওয়াই ইনস্যুরেন্সের কর্ণধার শাহ নেওয়াজ, সহযোগী প্রতিষ্ঠান খামার বাড়ি গ্রুপের অন্যতম কর্ণধার হারুন ভূঁইয়া এবং সাপ্তাহিক আজকালের প্রধান সম্পাদক ও প্রকাশক জাকারিয়া মাসুদ।
ইত্তেফাক/বিএএফ
