চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হলের প্রভোস্ট ড. সুলতান আহমেদের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে হল গেইটে তালা ঝুলিয়ে আন্দোলন করছেন ওই হলের আবাসিক ছাত্ররা। বুধবার বিকেল পৌনে ৬ টার দিকে হলের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ও সড়কে টায়ার জ্বালিয়ে আন্দোলন করেন তারা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়।
আন্দোলনত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে হলে পানির সমস্যা রয়েছে। টয়লেট, ক্যান্টিন অপরিষ্কার, উপরের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে। সংস্কারের জন্য এসব বিষয়ে প্রভোস্ট সুলতান আহমদকে বারবার বলা হলেও তিনি কোনো উদ্যোগ নেননি। তাই বাধ্য হয়ে তার পদত্যাগের দাবিতে এ আন্দোলন করছেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থী আজিম বলেন, শাহজালাল হলের ভবন দীর্ঘদিন ধরে সংস্কার করা হচ্ছে না। আজ ছাদ থেকে পলেস্তারা খসে পরে এক ছোট ভাইয়ের মাথা ফেটে গেছে। খাবারের মান অত্যন্ত খারাপ। নিয়মিত পানি থাকে না, রুমে প্রয়োজনীয় আসবাবপত্র নেই। হলে প্রায়ই সাপ পাওয়া যায়। এ বিষয়ে বারবার প্রভোস্টকে বলার পরও তিনি ব্যবস্থা নেন না। তাই আমরা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।
আরও পড়ুন : ইউনিসেফের শিশু অধিকার দূত মিরাজ
শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. সুলতান আহমেদ সাংবাদিকদের জানান, তাদের এসব অভিযোগ মিথ্যা। কারণ এতোদিন সব ঠিক ছিলো, আজ হঠাৎ কেন সব খারাপ হয়ে গেল? এর পেছনে অন্য কারণ আছে। জোর করে কোনো কিছু আদায় করা যায় না। জোর করে যদি আদায় করতে চায়, তাহলে তারা আন্দোলন করুক।
ইত্তেফাক/কেআই
