দুর্গাপূজা উপলক্ষ্যে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন হিন্দু ধর্মালম্বীদের সম্মানে ২১ অক্টোবর রবিবার এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। প্যারিসে রাষ্ট্রদূতের সরকারি বাসভবন "বাংলাদেশ ভবন" এ আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত প্রবাসী হিন্দু ধর্মাবলম্বীরা সপরিবারে অংশগ্রহণ করেন।
নারী-পুরুষ, শিশু-কিশোর, নবীন-প্রবীনসহ শতাধিক প্রবাসীর উপস্থিতিতে সংবর্ধনা অনুষ্ঠানটি এক পর্যায়ে মিলন মেলায় পরিণত হয়। পূজাভিত্তিক সংগঠনগুলো রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা জানান । রাষ্ট্রদূতে আয়োজনে এ ধরণের সংবর্ধনা এই প্রথমবারের মতো হওয়ায় এ নিয়ে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা ধন্যবাদ জ্ঞাপনসহ তাদের আবেগঘন অভিব্যক্তি ব্যক্ত করেন । অনুষ্ঠানে হিন্দু ধর্মালম্বীদের পাশাপাশি প্রবাসী নেতৃস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন ।
IMG0
রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন তার বক্তব্যে বলেন, "ধর্ম যার যার - উৎসব সবার" প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বাণী একদিকে যেমন পরধর্মসহিষ্ণুতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহন করে, অন্যদিকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পৃথিবীর বুকে উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে তুলে ধরার তার দৃঢ় সঙ্কল্প আর অঙ্গীকার ব্যক্ত করে ।
রাষ্ট্রদূত দুর্গাপূজা উপলক্ষ্যে ফ্রান্সে বসবাসরত প্রবাসী হিন্দু ধর্মাবলম্বী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ইত্তেফাক/নূহু
