লক্ষ্মীপুরে কুকুরের কামড়ে ১৫ শিশুসহ আহত ৫০

আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ২০:০৯
লক্ষ্মীপুরে কুকুরের কামড়ে ১৫ শিশুসহ অন্তত ৫০জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যায় পর্যন্ত শহরের শাখারীপাড়া, আবিরনগর ও সমসেরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহতদের মধ্যে ১৩ জনকে নোয়াখালী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের পর থেকে শহরের বিভিন্ন স্থান থেকে কুকুরে কামড়ে আহত হয়ে হাসপাতালে আসতে শুরু করে শিশুসহ অন্যরা। এদের মধ্যে নাহিদা আক্তার, শ্রাবণী আক্তার, নিপু আক্তার, অহিদ হোসেন, তানহা বেগম, রিহান হোসেন, তামীম হোসেন ও মুন্নী বেগমসহ ১৫ শিশু রয়েছে। শিশুদের বয়স ৮-১০ বছর। এছাড়াও নারী ও পুরুষসহ আরো ৩৫ জনকে চিকিৎসা শেষে নিয়ে যাওয়া হয়। তবে শরীরের বিভিন্ন স্থানে কুকুরের কামড়ের চিহ্ন রয়েছে।
 
আহতদের স্বজনরা জানায়, শিশুরা রাস্তা ও বাড়ির উঠানের মধ্যে খেলাধুলা করছিল। এ সময় কুকুরের আক্রমণের শিকার হয়ে আহত হয়। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পৌর কর্তৃপক্ষ কুকুর নিধন না করায় কুকুরে উপদ্রব বেড়েই চলছে। দ্রুত কুকুর নিধন করার দাবি জানান পৌরবাসী।
 
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে নারী-পুরুষ ও শিশুসহ ৫০জন আহত হয়। এদের মধ্যে ৩৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। গুরুতর আহত ১৩ জনকে নোয়াখালী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ