ঢাবির ২১ তলা ভবন নির্মাণে জালিয়াতির ঘটনায় দরপত্র বাতিল

আপডেট : ২৭ অক্টোবর ২০১৮, ০২:২৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদের ২১ তলা ভবন নির্মাণের দরপত্র বাতিল করা হয়েছে। দরপত্রে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি প্রতিষ্ঠানের আবেদন জালিয়াতি করার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ ব্যাপারে দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ‘জালিয়াতির অভিযোগের ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না।’
 
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১শ’ ৩১ কোটি টাকা ব্যয়ে ২১ তলা ভবন নির্মাণের ই-টেন্ডার (অনলাইন দরপত্র) আহ্বান করে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী অফিস। দরপত্রে ৪টি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে একটি প্রতিষ্ঠানের আবেদনপত্রে দুই রকমের দর দেওয়া হয়। সর্বোচ্চ ও সর্বনিম্ন দুই দর উল্লেখ করায় গত বুধবার দরপত্র মূল্যায়ন কমিটি বৈঠক করে। বৈঠকে জালিয়াতি ধরা পড়ায় প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানো নোটিস জারি করা হয়। পরে পুনঃদরপত্র দেওয়া হয়।
 
ইত্তেফাক/আরকেজি