স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: মসিউর রহমান রাঙ্গা বলেছেন, দেশের উন্নয়ন আমার কাছে কাব্যের মতো মনে হয়। বর্তমান সরকারের আমলে দেশে স্মরণকালের উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময়ে রাজনৈতিক কারনে বিচলিত থাকেন। তা না হলে দেশে আরো উন্নয়ন হতো।
শনিবার কোটালীপাড়ার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) মিলনায়তনে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের আয়োজনে বৃহত্তর ফরিদপুরের চরাঞ্চল এবং পার্শ্ববর্তী এলাকায় গবাদিপশুর জাত উন্নয়ন ও দুধের বহুমুখী ব্যবহার নিশ্চিতকরণ কারখানা স্থাপন প্রকল্পের আওতায় সমবায়ীদের মাঝে গাভী ক্রয়ের জন্য ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপস্থিত সমবায়ীদের উদ্দেশ্যে মসিউর রহমান রাঙ্গা বলেন, আপনারা অনেক সৌভাগ্যবান। কেননা এখানে জন্মগ্রহন করেছিলেন জাতির পিতা বঙ্গববন্ধু শেখ মুজিবুর রহমান। এই মহান নেতার মেয়ে আজ দেশের প্রধানমন্ত্রী। রংপুরের মানুষ এরশাদ সাহেবকে যতটা ভালোবাসেন আপনারা তার চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বেশি ভালোবাসেন।
মিল্ক ইউনিয়নের চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত ঋণ বিতরণ অনুষ্ঠানে মিল্ক ইউনিয়নের ব্যবস্থাপনা পরিচালক মো: আতাহার আলী, বাপার্ডের মহাপরিচালক শেখ মো: মনিরুজ্জামান, বৃহত্তর ফরিদপুরের চরাঞ্চল এবং পার্শ্ববর্তী এলাকায় গবাদিপশুর জাত উন্নয়ন ও দুধের বহুমুখী ব্যবহার নিশ্চিতকরণ কারখানা স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক আব্দুল করিম, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম মাহাফুজুর রহমান, সমবায়ী নিতাই বিশ্বাস বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ৫০ জন সমবায়ীর প্রত্যেককে ২ লাখ ৪০ হাজার টাকার ঋণের চেক প্রদান করা হয়।
ইত্তেফাক/নূহু
