ইউল্যাবের চাকরি মেলায় ইত্তেফাক

আপডেট : ২৭ অক্টোবর ২০১৮, ১৭:০৫
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এ অনুষ্ঠিত হলো “চাকরিমেলা-২০১৮”। ২৭ অক্টোবর ইউল্যাবের ধানমন্ডি ক্যাম্পাস ‘এ’ ভবনে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। দৈনিক ইত্তেফাকসহ প্রায় ৩০ টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহন করে। 
 
দেশের সব বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের মেলায় সরাসরি অংশগ্রহণের সুযোগ ছিলো। গ্র্যাজুয়েটরা তাদের পছন্দের প্রতিষ্ঠানে আবেদন ও জীবন বৃত্তান্ত পেশ করেন। মেলায় স্পট ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি পাওয়ার সুযোগও রাখা হয়েছিল। এছাড়া দিনব্যাপী দেশের খ্যাতনামা ব্যক্তিদের অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন বিষয়ে সেমিনার, ওয়ার্কশপ প্যানেল আলোচনা চলে।
IMG0
ইউল্যাব ক্যারিয়ার সার্ভিসেস অফিস (সিএসও) আয়োজিত এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নিহাদ কবির, প্রেসিডেন্ট, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুশাররফ হোসেন, প্রেসিডেন্ট, এশিয়া প্যাসিফিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এপিএইচআরমএম) এবং  ফাউন্ডার ও প্রেসিডেন্ট, ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশন (এফবিএইচআরও)। 
 
প্রধান অতিথি ব্যারিস্টার নিহাদ কবির তার বক্তব্যে শুধু চাকরি না খুঁজে চাকরিদাতা হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন। পাশাপাশি আদর্শ সমাজ ও জাতি গঠনে নিজেকে সম্পৃক্ত করার পরামর্শ দেন।
 
বিশেষ অতিথি মুশাররফ হোসেন শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর পরামর্শ দেন। পাশাপাশি একাডেমিক শিক্ষার পাশাপাশি শিল্প প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রতি গুরুত্বারোপ করেন।
 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান।  
 
মেলায় সমাপনী বক্তব্য দেন ও ধন্যবাদ জ্ঞাপন করেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক জহিরুল হক। তিনি মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও পার্টনার প্রতিষ্ঠানদের মধ্যে ক্রেস্ট প্রদান করেন। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের এইচ আর প্রধানগণ, ইউল্যাবের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, চাকরি প্রার্থী, ইউল্যাবের শিক্ষার্থীসহ অনেকে উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/নূহু