রাজধানীর শান্তিনগরের ট্রপিক্যাল রাজিয়া প্যালেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকালে ভবনটির তৃতীয় তলায় এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস ধারণা করছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, শান্তিনগরের টুইন টাওয়ার কনকর্ডের পাশের ২৬/১ চামেলীবাগের ভবনটির ৩য় তলায় বিকাল ৪টা ৫৪ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা ভবনটিতে প্রবেশ করে আটকে পড়া তিনজনকে উদ্ধার করে এবং বিকাল ৬টায় নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ডাম্পিং ও কুলিংয়ের কাজ চলছে। পুড়ে যাওয়া যন্ত্রাংশে পানি ঢালা হচ্ছে। এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিসকর্মীরা ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে বলে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ধারণা করছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ইত্তেফাক/কেকে
