অ্যামেচার রেডিও সার্ভিস পরীক্ষা ৮ ডিসেম্বর

আপডেট : ২৮ অক্টোবর ২০১৮, ১৮:১৪
২০১৮ সালের অ্যামেচার রেডিও সার্ভিস পরীক্ষার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ ডিসেম্বর। বিটিআরসির ফেসবুক পেজ এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। বিটিআরসির শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলেও পরীক্ষা নেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
 
এর আগে বিটিআরসির তরঙ্গ বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ জানিয়েছিলেন, এ বছরের মধ্যেই অ্যামেচার রেডিও সার্ভিস পরীক্ষা নেওয়ার আগ্রহ রয়েছে তাদের। এরই ধারবাহিকতায় দেশের কয়েকজন হ্যাম সংগঠক এবং সাংবাদিকরা নাসিম পারভেজের সঙ্গে তার কার্যালয়ে গিয়ে দেখা করে অ্যামেচার রেডিও পরীক্ষা আয়োজনের অনুরোধ জানান।
 
এ সময় তারা নাসিম পারভেজের কাছে পরীক্ষা দিতে আগ্রহী তিন শতাধিক পরীক্ষার্থীর একটি খসড়া তালিকা দেন। বিপুল সংখ্যক পরীক্ষার্থীদের আগ্রহের প্রেক্ষিতে নাসিম পারভেজ অ্যামেচার রেডিও পরীক্ষার তাগিদ অনুভব করেন।
IMG0
নাম প্রকাশে অনিচ্ছুক বিটিআরসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ‘২০১৮ সালের মধ্যে অ্যামেচার রেডিও পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ ডিসেম্বর। আশা করি আমরা এরই মধ্যে সংবাদপত্রে পরীক্ষার্থী আহ্বানের জন্য বিজ্ঞপ্তি প্রকাশসহ প্রয়োজনীয় সকল কাজ সম্পন্ন করতে পারবো।’
 
বাংলাদেশের হ্যাম সংগঠক অনুপ কুমার ভৌমিক বলেন, ‘২০১৭ সালে যখন অ্যামেচার রেডিও সার্ভিস পরীক্ষা নেওয়া হয়েছিল তখন তরঙ্গ বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল নাসিম জানিয়েছিলেন প্রতি বছর অ্যামেচার রেডিও সার্ভিস পরীক্ষার আয়োজন করবেন। তিনি তার কথা রেখেছেন এজন্য তাকে ধন্যবাদ জানাই। পাশাপাশি বিটিআরসির কাছে আহ্বান জানাই ঢাকা ছাড়াও চট্টগ্রাম, খুলনা, সিলেট এবং রাজশাহীতে একই দিনে পরীক্ষা নেওয়ার জন্য। এতে করে ওইসব এলাকার হ্যাম হতে আগ্রহীরা ঢাকায় না এসেও পরীক্ষা দিতে পারবেন।’
 
ইত্তেফাক/বিএএফ