দেবিদ্বারে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, বৃদ্ধ আটক

আপডেট : ০৫ নভেম্বর ২০১৮, ১৯:২০
বাক প্রতিবন্ধী এক শিশুকে (১০) ধর্ষণের অভিযোগে ৫৫ বছরের এক বৃদ্ধকে আটক করেছে দেবিদ্বার থানা পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ধামতি মধ্যপাড়া গ্রামের মধুরবাড়ি এলাকার একটি রিকশা গ্যারেজে এ ঘটনা ঘটে।
 
জন্মগত বাক প্রতিবন্ধী শিশুটি ওই গ্রামের এক রিকশাচালকের মেয়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কজনক অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন। বর্তমানে সে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 
 
প্রত্যক্ষদর্শী এক নারী জানান, প্রথমে আবদুল মজিদকে রিকশায় মেয়েটিকে তার গ্যারেজের দিকে নিয়ে যেতে দেখি। পরে আমার সন্দেহ হলে আমি রিকশার পিছু নেই। দশ মিনিট পরে তার গ্যারেজের কাছে পৌঁছলে রাস্তার ওপরে মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় দেখে স্থানীয় কয়েকজন যুবককে জানালে তারা ধর্ষক আবদুল মজিদকে গ্যারেজের ভেতর থেকে আটক করেন।
 
দেবিদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ার জানান, উত্তেজিত এলাকাবাসী ধর্ষক আবদুল মজিদকে আটক করে পুলিশে সোর্পদ করেছেন। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। শিশুটির দাদা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
 
ইত্তেফাক/আরকেজি