রাজশাহীর বাঘা উপজেলার একটি হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। তবে অভিযোগ প্রমাণ না হওয়ায় ১৫ জনকে খালাস দেওয়া হয়েছে।
যাবজ্জীবন আসামিরা হলেন- বাঘার সুলতানপুর গ্রামের মিন্টু আলী, রানা, পানা, আরিফ হোসেন, শরিফ হোসেন ও লালপুর উপজেলার মনিহার গ্রামের আরজেদ আলী।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এনতাজুল হক বাবু জানান, ভাগ্নিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ২০২০ সালের ১৪ জানুয়ারি বাঘার সুলতানপুর গ্রামে নাজমুল হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নাজমুলের বাবা আজিজুর রহমান বাদী হয়ে বাঘা থানায় হত্যা মামলা করে। মামলার তদন্ত শেষে পুলিশ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। তবে চারজনের বয়স কম হওয়ায় তাদের বিচার শিশু আদালতে চলছে। বাকি ২১ জনের বিচার হয়েছে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। যাদের মধ্যে ছয়জনকে যাবজ্জীবন ও ১৫ জনকে খালাস দিয়েছেন আদালত।

২২ বছর পর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না মহুবরের