ভারতের ৪ মন্ত্রী আসছেন নাটোরে 

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৬:১৩

পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলায় যোগ দিতে ভারত সরকারের ৪ জন মন্ত্রীসহ ৪০ জন সদস্যের প্রতিনিধি দল আগামী ২৭ ফেব্রুয়ারি নাটোরে আসছেন। এসময় তারা নাটোরের উত্তরা গণভবন, রানী ভবানী রাজবাড়ি পরিদর্শন করবেন। পরে ওই দিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলা বাস্তবায়নে প্রস্তুতি সভায় এসব তথ্য জানান তিনি।

এসময় তিনি বলেন, ভারত বাংলাদেশের অকৃত্রিম এবং বন্ধু প্রতীম দেশ। এদেশের স্বাধীনতায় ভারতের অবদান ভুলার মতো নয়। পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলায় সে দেশের চারজন মন্ত্রীসহ ৪০ জনের প্রতিনিধি দল নাটোরে সফর করবেন। তাদের সফরকে গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ভারত সরকারের মন্ত্রী এবং তাদের প্রতিনিধি দলের সামনে নাটোরের ইতিহাস, ঐতিহ্য তুলে ধরা হবে। এজন্য যা যা করার সব ধরণের প্রস্তুতি নিতে হবে।

সভায় জানানো হয়, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী’ এবং ‘বাংলাদেশ-ভারত সম্পর্কের ৫০ বছর উদযাপন’ উপলক্ষে আগামী ২৬-২৭ ফেব্রুয়ারি ভারতের মন্ত্রী পরিষদের চার সদস্যসহ ৪০ সদস্য এবং বাংলাদেশের শিল্পী-সাহিত্যিকদের সমন্বয়ে রাজশাহী ও নাটোরে মুক্তিযুদ্ধের গণহত্যা ভূমি, প্রত্নতত্ত্ব নিদর্শন পরিদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এ উপলক্ষে দুই দেশের প্রতিনিধিদল ২৭ ফেব্রুয়ারি নাটোরের রাণীভবানী রাজবাড়ি মন ও উত্তরা গণভবন পরিদর্শনসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মিলনমেলায় অংশগ্রহণ করবেন। নাটোরে ৫০ টি মৈত্রী বৃক্ষও রোপণ করা হবে।

ইত্তেফাক/এমএএম