শাবির প্রশাসনিক পদে পরিবর্তন

অধ্যাপক আমিনা পারভীন নতুন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ২১:৩৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক পদে পরিবর্তন আনা হয়েছে। এ পদে দায়িত্ব পেয়েছেন  সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীন।

রবিবার (৬ জানুয়ারি) শাবি রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শাবির অর্থনীতি বিভাগের অধ্যাপক জহির উদ্দিন আহমেদ অসুস্থতার কারণে তাকে 'ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক' পদ থেকে অব্যহতি প্রদান করা হয়েছে। একইসাথে সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 'ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক' পদে দায়িত্ব প্রদান করা হয়েছে। দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক দায়িত্বভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন। এ আদেশ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

উল্লেখ্য, শাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর  পুলিশি হামলার প্রতিবাদে প্রশাসনিক দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে শিক্ষার্থীরা উপাচার্যসহ 'ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক' এবং প্রক্টরের পদত্যাগ দাবি করেন।

ইত্তেফাক/এসটিএম