প্রতারণা, অর্থ আত্মসাৎ ও মানব পাচারের সঙ্গে জড়িত পলাতক আসামি রেদোয়ান আহমেদকে (রাহি) ১৫ বছর পর গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে শহরের কুসুমভাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাহি মৌলভীবাজার সদর উপজেলার বাহার মর্দান এলাকার মৃত আব্দুল ওয়াদুদের ছেলে।
মৌলভীবাজার মডেল থানার এস আই মাহবুব জানান, গ্রেফতারি পরোয়ানা থাকলেও মুখে দাড়ি রেখে ছদ্মবেশ ধারণ করায় এর আগে বেশ কয়েক বার অভিযান চালিয়েও আসামিকে গ্রেফতার করা যায়নি। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রতারণা, টাকা আত্মসাৎ, মানব পাচারের মতো অসংখ্য অভিযোগ রয়েছে। অর্থ আত্মসাৎ মামলায় আসামিকে ব্যাংক থেকে চাকরীচ্যুত করা হয় এবং দুদক এখনো এ মামলা পরিচালনা করছে। এছাড়া আসামি সাধারণ মানুষকে বোকা বানাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহার, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে ছবি তুলে তাদের সঙ্গে আসামির সখ্য রয়েছে দাবি করে প্রতারণা করতো।
