পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

এমপির সমাঝোতায় ৪ ঘণ্টা পর মুক্ত অবরুদ্ধ ভিসি

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৮:২৫

বিতর্কিত নিয়োগ অনুমোদনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) রিজেন্ট বোর্ডের সভায় বসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা। বৈঠকের এক পর্যায়ে সভাটি পণ্ড হয়ে যায়। এ সময় অবরুদ্ধ হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়টির ভিসি প্রফেসর ড. এম রোস্তম আলী। প্রায় সাড়ে ৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর রিজেন্ট বোর্ডের অন্যতম সদস্য অ্যাড. শামসুল হক টুকু এমপির সমাঝোতায় মুক্ত হন অবরুদ্ধ ভিসি।  

পাবিপ্রবি’র একাধিক শিক্ষক ও কর্মকর্তা জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় রিজেন্ট বোর্ডের সভা শুরু হয়। অনুষ্ঠিত সভায় শতাধিক নিয়োগ, আপগ্রেডেশন ও শিক্ষকদের এমফিল, পিএইচডি অনুমোদনের কথা ছিল। কিন্তু ওই সভার সভাপতি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম রোস্তম আলী তার ভাতিজিসহ ১০২টি পদে নিয়োগ দেওয়ার চেষ্টা করেন। সভা চলাকালে বিতর্কিত নিয়োগ ও অনিয়ম নিয়ে রিজেন্ট বোর্ড সদস্যরা প্রশ্ন উত্থাপন করেন। এ সময় ভাইস চ্যান্সেলর রোস্তম আলী উত্তেজিত হয়ে ওঠেন। শিক্ষকদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে হট্টগোল শুরু হলে, সভা বাতিল ঘোষণা করেন তিনি।

পাবিপ্রবি’র একটি বিশ্বস্ত সূত্র জানায়, হট্টগোলে রিজেন্ট বোর্ডের সভা বাতিল হলেও ১২টার দিকে শিক্ষক ও কর্মকর্তারা একত্রিত হয়ে ভাইস চ্যান্সেলরকে তার কক্ষে অবরুদ্ধ করেন। বেলা সাড়ে তিনটা পর্যন্ত তাকে অবরুদ্ধ করে রাখা হয়। 

বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর আওয়াল কবির জয় বলেন, ‘আগামী ২৪ তারিখে রিজেন্ট বোর্ডের সভা করে শিক্ষকদের আপগ্রেডেশন, বিদেশ গমন, পিএইচডি, এমফিলসহ অন্যান্য বিষয়গুলোর নিষ্পত্তি করার বিষয়ে পাবনা-১ আসনের সংসদ সদস্য আ্যাডভোকেট শামসুল হক টুকু আশ্বাস দিলে তারা তাদের কর্মসূচি স্থগিত করে বিকেল সাড়ে তিনটায় ভিসির কক্ষের তালা খুলে দেওয়া হয়। 

এর আগে খবর পেয়ে সংসদ সদস্য শামসুল হক টুকু ছুটে যান ঘটনাস্থলে এবং সংক্ষুদ্ধ শিক্ষক ও কর্মকর্তাদের সাথে কথা বলেন উদ্ভুত পরিস্থিতি নিয়ে। 

এ বিষয়ে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম রোস্তম আলীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা এবং মন্তব্য জানতে চাইলে তিনি এ নিয়ে কোনও কথা বলতে রাজি হননি। 

ইত্তেফাক/এসজেড