ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তির গণবিজ্ঞপ্তি

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ২০:৪৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে তিন ইউনিটে ভর্তিতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট ইউনিট কার্যালয়ে ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এছাড়া, ভর্তি কার্যক্রম সম্পন্ন না হওয়ায় ১৫ ফেব্রুয়ারি নবীনবরণ হওয়ার কথা থাকলেও তা আপাতত হচ্ছে না।

এদিকে রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, আগামী ২২ ফেব্রুয়ারি ’এ’ ইউনিটে ১৮৫৫ থেকে ৩৮৫২ এবং পরবর্তীতে ৩৮৫৩ থেকে ৫৩৫০, ’বি’ ইউনিটে ১৪২৬ থেকে ২৯২৬ এবং ’সি’ ইউনিটে ১০৫৭ থেকে ২৫৫৭ মেধাক্রম পর্যন্ত শিক্ষার্থীদের স্বাক্ষাৎকার নেওয়া হবে।

প্রথম দিন সাক্ষাৎকার শেষে আসন খালি থাকা সাপেক্ষে পরের দিন ২৩ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটে ৫৩৫১ থেকে ৬৮৫০, ’বি’ ইউনিটে ২৯২৭ থেকে ৪৩২৬ এবং ’সি’ ইউনিটে ২৫৫৮ থেকে ৪০৫৮ মেধাক্রম পর্যন্ত শিক্ষার্থীদের স্বাক্ষাৎকার নেওয়া হবে। এছাড়া ২৬ ফেব্রুয়ারি শুধু আরবি ভাষা ও সাহিত্য বিভাগে ভর্তিচ্ছুদের ১৪২৬ থেকে ১১৩৫০ মেধাক্রম পর্যন্ত ‘বি’ ইউনিট সমন্বয়কারীর কার্যালয়ে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। উত্তীর্ণদের আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভাপতি ও উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম ইত্তেফাককে বলেন, করোনার কারণে শিক্ষার্থীদের ভর্তিতে কিছুটা সমস্যা হয়েছে। তাই প্রকাশিত নতুন মেধাতালিকায় অধিকসংখ্যক শিক্ষার্থী ডাকা হয়েছে। আশা করছি, যে সকল আসন খালি আছে তা এবারই পূরণ হয়ে যাবে। ভর্তি কার্যক্রম শেষে দ্রুত সময়ের মধ্যে যাতে নতুন বছরের শিক্ষা কার্যক্রম শুরু হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।

ইত্তেফাক/এসটিএম