আন্তর্জাতিক কেমিক্যাল গবেষণা প্রতিযোগিতায় ফাইনালে উঠেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিফাত আব্দুল্লাহ। তিনি শাবির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের গবেষণার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিযোগিতাগুলোর অন্যতম 'সামার ইন্টার্ন কম্পিটিশন অব রিসার্চ এ্যাবস্ট্রাক্ট সাবমিশন'। আমেরিকার ইনস্টিটিউট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ার্স (এআইসিএইচই) এ প্রতিযোগিতার আয়োজন করে থাকে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইত্তেফাক অনলাইনকে রিফাত বলেন, 'বাংলাদেশ থেকে আমি, এবং আরও তিনটি দেশ থেকে তিনজন চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবে। এরমধ্যে রয়েছে স্পেনের হান্না, আমেরিকার টমাস এবং কানাডার কেন্না।'
তিনি জানান, এ প্রতিযোগিতার ফাইনাল পর্ব সাধারণত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে হয়ে থাকে। তবে করোনা মহামারির কারণে ২৩ ফেব্রুয়ারি এবারের প্রতিযোগিতাটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতার ধাপগুলো সম্পর্কে রিফাত বলেন, সাধারণত তিন ধাপে এ প্রতিযোগিতা হয়ে থাকে। প্রথম ধাপে রিসার্চ পেপার জমা দিতে হয়, দ্বিতীয় ধাপে রিসার্চ পেপার সিলেকশন এবং ভাইবা, আর তৃতীয় ধাপ হচ্ছে ফাইনাল পর্ব।
২০২১ এর ১২ ডিসেম্বর 'চিটাগুড় থেকে ইথানল উৎপাদন বৃদ্ধিকরণ' বিষয়ক রিসার্চ পেপার জমা দিয়েছেন রিফাত। এরপর এটি কয়েকটি ধাপ পেরিয়ে নির্বাচিত হলে রিফাতকে ফাইনালে অংশ নেওয়ার জন্য মনোনীত করা হয়।
প্রতিযোগিতায় মেন্টর হিসেবে ছিলেন শাবির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবু ইউসুফ।
উল্লেখ্য, রিফাতের পিতা মো. রফিক ঘরামী এবং মাতা শিউলি বেগম। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি থানার সাহেবরামপুর ইউনিয়নের ক্রোকিরচর গ্রামে।

