ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সপ্তাহে ৫ দিনের পরিবর্তে ৬ কর্মদিবস চান কর্মকর্তারা। একই সাথে পূর্বের কর্মঘণ্টা কমিয়ে সকাল ৯ থেকে বিকেল সাড়ে ৪টার পরিবর্তে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্ধারণ করাসহ তিনদফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন তারা।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে কর্মকর্তা সমিতির ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মবিরতি পালন করেন তারা। পরে তারা একই দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন।
জানা যায়, কর্মকর্তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে, কর্মঘণ্টা সকাল ৯ থেকে বিকেল সাড়ে ৪টার পরিবর্তে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্ধারণ, কর্মকর্তাদের চাকরির বয়সসীমা ৬০ থেকে ৬২ বছরে উন্নীত করা এবং উপ-রেজিস্ট্রার ও সমমানের কর্মকর্তাদের বেতনের স্কেল চতুর্থ গ্রেডে এবং সহকারী রেজিস্ট্রার ও সমমানের বেতন স্কেল ষষ্ঠ গ্রেডে নিয়ে আসা।
এ বিষয়ে কর্মকর্তা সমিতির সভাপতি এটিএম এমদাদুল আলম বলেন, 'বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় খোলা রেখে ছাত্রদের কোনো স্বার্থ সংরক্ষিত হচ্ছে না, বরং এতে কর্মকর্তা ও শিক্ষকদের ভোগান্তি পোহাতে হয়। চাকরির বয়সসীমার ক্ষেত্রে নতুন করে ৬২ বছর করতে হবে না, কারণ সিন্ডিকেটে তা করাই আছে। শুধু বাস্তবায়ন করতে হবে। এছাড়া বেতন স্কেলের ক্ষেত্রে সরকারি সিদ্ধান্ত পরিপন্থী সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।'
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, 'কর্মকর্তাদের বেতন স্কেলের বিষয়ে সরকারি আইন-কানুন কি আছে এটা আমাদের দেখতে হবে। কর্মঘণ্টা কমানোর দাবির বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় হলো ছাত্র ও শিক্ষকদের জন্য, আমরা কর্মকর্তা-কর্মচারী ও প্রশাসন শুধুমাত্র সহায়তাকারী। আমরা সংশ্লিষ্টদের মতামত নিয়ে সম্মিলিত সিদ্ধান্ত নিব।'
