মাগুরার শ্রীপুরে নব-নির্বাচিত ৩ ইউপি সদস্য গ্রেফতারকে করেছে পুলিশ। গ্রেফতারকৃত সবাই চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য নির্বাচিত হন। তাদের নামে নির্বাচনি সহিংসতায় জড়িত থাকার অভিযোগে শ্রীপুর থানায় মামলা রয়েছে বলে শ্রীপুর থানা পুলিশ জানিয়েছে।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে শ্রীপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষের বাইরে এলে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, শ্রীপুর উপজেলা ২ নম্বর আমলসার ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ফারুক হোসেন, ৩ নম্বর শ্রীকোল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিএম শিহাব বিশ্বাস ও ৪ নম্বর শ্রীপুর সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাবিবুর রহমান মণ্ডল। এদের সবাই চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় জানান, গ্রেফতারকৃত ৩ ইউপি সদস্যের নামে নির্বাচন পরবর্তী সময়ে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে সৃষ্ট সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে থানায় মামলা রয়েছে। তারা ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ার কারণে শপথ গ্রহণ শেষে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
