নিয়মিত সব শিক্ষার্থীকে স্বাস্থ্য ও জীবনবিমা প্রকল্পের আওতায় এনেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) প্রসাশন।
ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং যমুনা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা প্রদান করার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ। তিনি জানান, প্রতি বছর এনরোলমেন্ট ফি’র সঙ্গে বাৎসরিক ২৭০ টাকা প্রিমিয়াম দিয়ে তালিকাভুক্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা নেওয়ার ক্ষেত্রে বছরে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত বিমা সুবিধা পাবেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান বলেন, জাতির পিতার হাত ধরেই বাংলাদেশে বিমার যাত্রা শুরু হয়। স্বাস্থ্যবিমা শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্যের প্রতিও সচেতন হতে হবে।
