মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে সিলেটের লিডিং ইউনিভার্সিটি।
সোমবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ বনমালী ভৌমিক ও শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
৫২টি ভাষার 'মা' শব্দে সাজানো লিডিং ইউনিভার্সিটির নান্দনিক শহীদ মিনারটি। এর প্রাঙ্গণে অনুষ্ঠিত এক আলোচনায় উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা বলেন, দেশকে উন্নয়নের শীর্ষে নিয়ে যেতে হলে দেশপ্রেম থাকতে হবে। মাতৃভাষা রক্ষার জন্য ভাষা আন্দোলনের চেতনা থেকেই বাংলার স্বাধীনতার ডাক আসে। অন্যান্য ভাষার প্রতিও আমাদের সম্মান দেখাতে হবে, বিশ্বপরিক্রমায় বিভিন্ন ভাষায় জ্ঞান থাকতে হবে, কিন্তু মাতৃভাষা একটিই।
কোষাধ্যক্ষ বনমালী ভৌমিক বলেন, ভাষা শহীদদের রক্ত বৃথা যায়নি। বাংলা আজ আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃত, যুক্তরাজ্য, যুক্তরাস্ট্রসহ বিভিন্ন দেশে বাংলা ভাষার চর্চা হচ্ছে।
ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া বলেন, একুশের চেতনায় বাংলাদেশ স্বাধীন হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিতে হবে।
লিডিং ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার মো. কাওসার হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ছাত্রকল্যাণ উপদেষ্টা প্রফেসর ড. মো. মাইমুল আহসান খান এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মো. কামরুজ্জামান।
অনুষ্ঠানে কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ মোস্তাক আহমাদ, রেজিস্ট্রার মেজর (অব.) মো শাহ আলম, প্রক্টর মো. রাশেদুল ইসলাম, শিক্ষক -শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
