হাবিপ্রবিতে সোলার এনার্জি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ২১:২৭

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের আয়োজনে 'Net Metered Rooftop Solar' শিরোনামে সোলার এনার্জি  বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ সকাল সাড়ে ৯টায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক  ড. এম কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড বিধান চন্দ্র হালদার এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন প্রফেসর মেহেদী ইসলাম। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) চেয়ারম্যান মো. আলাউদ্দিন এতে আলোচক  হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ গোলাম সরওয়ার ই কাইনাত এবং রাশেদুল আলম। তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জামিল সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান। 

কর্মশালায় সোলার এনার্জির ব্যবহার, উপকারিতা এবং ভবিষ্যৎ পৃথিবীর জন্য সোলার এনার্জির প্রয়োজনীয়তা আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান বলেন, 'তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল  বিভাগের এমন ওয়ার্কশপকে সাধুবাদ জানাচ্ছি। ওয়াজেদ ভবনের ছাদে এবং নবনির্মিত দশতলা ভবনের ছাদে সোলার সিস্টেম নিয়ে কাজ করার জন্য আহ্বান জানানো হয়েছে। সোলার এনার্জির মতো বিকল্প এনার্জির মাধ্যমে বিশ্ব দীর্ঘকাল যাবৎ শক্তির ব্যবহার নিশ্চিত করতে পারবে। মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে এবং প্রতি গৃহে বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করতে সোলার এনার্জি হতে পারে শক্তিশালী মাধ্যম।'

ইত্তেফাক/এসটিএম