চ্যালেঞ্জটা নিতে চান সাইফউদ্দিন

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ০৯:১৬

টেনিস এলবো’র ইনজুরি নিয়েও ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে দুর্দান্ত পারফর্ম করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। প্রিমিয়ার লিগে টানা ম্যাচ খেলার ধকল কাটিয়ে উঠতে এখন বিশ্রামে রয়েছেন এই তরুণ। বাংলাদেশের বিশ্বকাপ দলে একমাত্র পেস বোলিং অলরাউন্ডার তিনি। টিম ম্যানেজমেন্টেরও অগাধ আস্থা, আশা রয়েছে তার প্রতি। ইংল্যান্ডে আসন্ন বিশ্বকাপে পারফর্ম করার চ্যালেঞ্জটা নিতে চান সাইফউদ্দিন।

বল হাতেই তার সার্ভিসটা বেশি চাইবে বাংলাদেশ। বিশ্বকাপে ব্যাটিং বান্ধব উইকেটে বোলিং করতে ক্যাম্পে প্রস্তুতি নিবে সাইফউদ্দিন। প্রিমিয়ার লিগে ২৫ উইকেট নিয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি এই অলরাউন্ডার গতকাল মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের এমনটাই বলেছেন।

বিশ্বকাপে প্রস্তুতি নিয়ে গতকাল ২২ বছর বয়সী এই ক্রিকেটার বলেছেন, ‘ইংল্যান্ডে হওয়া সাম্প্রতিক ম্যাচগুলো দেখছি। এর আগের ভারত-ইংল্যান্ড সিরিজগুলো দেখছিলাম। মনে হলো সব উইকেটই ব্যাটিংবান্ধব। তাই খুব টাইট লাইন লেংথ বজায় রেখে বোলিং করতে হবে। যতই বলা হোক পেসবান্ধব উইকেট, তারপরও ওখানে বোলিং করা খুব একটা সহজ হবে না। তাছাড়া আমরা জানি আইসিসির ইভেন্টগুলোতে ব্যাটিংবান্ধব উইকেট থাকে। কিছুটা চ্যালেঞ্জিং, তবে আমি চ্যালেঞ্জটা নিতে চাই। সেভাবেই প্রস্তুত হতে চাই, হাতে যতটা সময় আছে।’

আরও পড়ুন : বঙ্গোপসাগরে নিম্নচাপ, বন্দরে সংকেত ১

ব্যাটে-বলে ভূমিকা রাখার সুযোগ রয়েছে সাইফউদ্দিনের। ম্যাচ জেতানো পারফরম্যান্স উপহার দিতে চান তিনি। বাংলাদেশের হয়ে ১০ ওয়ানডে খেলা এই তরুণ বলেছেন, ‘যেহেতু আমি লোয়ারঅর্ডারে ব্যাটিং করব, অবশ্যই আমার জন্য ভালো সুযোগ আসবে ম্যাচ-উইনিং পারফরম্যান্স করার। ব্যক্তিগত লক্ষ্য অবশ্যই আছে। তবে তা বলতে চাই না। দিন শেষে মিলিয়ে দেখব নিজের লক্ষ্য পূরণে কতটা সফল হয়েছি। ক্রিকেট যেহেতু দলীয় খেলা, অবশ্যই দলের জন্য খেলার চেষ্টা করব। দলকে জেতাতে যতটুকু অবদান রাখা দরকার, সবটাই দেয়ার চেষ্টা করব।’

প্রিমিয়ার লিগে নিজের পারফরম্যান্স আত্মবিশ্বাস যোগাচ্ছে সাইফউদ্দিনকে। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে কয়েকটি হাফ সেঞ্চুরি করেছেন আবাহনীর হয়ে খেলা এই অলরাউন্ডার। গতকাল তিনি বলেছেন, ‘অবশ্যই বিশ্বকাপে এটা অনুপ্রেরণা দেবে। তবে ডে বাই ডে উন্নতি করতে হবে। এর কোনো বিকল্প নেই। চেষ্টা করছি নিজের জায়গা থেকে যতটা পারি। নিজের স্কিল আরো ধারালো করার জন্য সবসময়ই চেষ্টা করি। সিনিয়রদের সঙ্গে পরিকল্পনা শেয়ার করি। আলহামদুলিল্লাহ, যেহেতু ডিপিএলটা ভালো গেছে, যদি সুযোগ পাই বিশ্বকাপে এই অভিজ্ঞতা কাজে লাগাব। এটাই আসল লক্ষ্য থাকবে।’

প্রথমবার বিশ্বকাপ খেলতে যাবেন সাইফউদ্দিন। তার মতোই প্রথম বিশ্বকাপে সুযোগ পাওয়া আরো ছয় ক্রিকেটার আছেন বাংলাদেশ দলে। বিশ্বকাপে বাংলাদেশের দলটা ভারসাম্যপূর্ণ বলেই মনে করেন তিনি। পাঁচ সিনিয়রের সঙ্গে তরুণরা ভূমিকা রাখতে পারলে বাংলাদেশ যে কোনো দলকেই হারাতে পারবে বলে বিশ্বাস সাইফউদ্দিনের।

তিনি বলেছেন, ‘যদি সামগ্রিকভাবে চিন্তা করেন, আমাদের দল হয়তো ইংল্যান্ড আর ভারতের মতো নয়। তবে আমাদের দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছেন। আমাদের পাঁচজন খেলোয়াড়ের প্রায় ২০০টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে। এদিক থেকে আমি মনে করি, আমাদের দল অন্যদের থেকে অনেক এগিয়ে। পাশাপাশি আমরা যারা তরুণ আছি, সৌম্য ভাই গত বিশ্বকাপে খেলেছে। সবমিলিয়ে আমাদের দল ভারসাম্যপূর্ণ। যদি সবাই সবার জায়গা থেকে ভালো খেলতে পারে, যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখি আমরা।’

উল্লেখ্য, বিশ্রামের পর আগামীকাল আবার অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। দুই দিন টানা অনুশীলনের পর ৩০ এপ্রিল বিশ্রামে থাকবেন ক্রিকেটাররা। ১ মে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা।

ইত্তেফাক/কেআই