নজরুল বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক অনলাইন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, 'আমাদের উচিত হবে কারিগরের মতো কাজ করা। আমাদের কাজের ক্ষেত্রটিকে উর্বর হিসেবে ধরে নিয়ে ফসল ফলানো। তাহলেই আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়ে তুলতে পারব। আর সে জন্য বস্তুসোনা নয় কর্মসোনা দিয়ে সোনার বাংলা গড়ে তুলতে হবে।'
উপাচার্য আরও বলেন, 'আমাদের দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে হলে বাহাত্তরের সংবিধানে ফিরে যেতে হবে। একটি শিল্পোন্নত দেশ গড়ে তুলতে হলে ৭২-এর যে চারটি মূলনীতি বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও সমাজতন্ত্র বা সাম্যবাদ- এগুলোকে আমাদের প্রতিষ্ঠা করতে হবে। জনবন্ধু জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কর্মমুখী শিক্ষাকে জোর দিতে হবে।'
জাতির পিতা স্বাধীনতার ঘোষণা নিয়ে যারা বিকৃতি ঘটায় তাদের উদ্দেশ্যে ড. ফরাসউদ্দিন বলেন, 'ইতিহাসকে সত্য ভাবে তুলে ধরতে হবে। তাহলেই সেই ইতিহাস ধ্রুবতারার মতো জলবে। যারা ইতিহাসের বিকৃতি করে তারা নির্বোধ, অর্বাচীন।'
আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. আহমেদুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. সুজন আলী, বঙ্গবন্ধু নীল দলের সভাপতি অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান ও কর্মকর্তা পরিষদের সভাপতি প্রকৌশলী মো. জোবায়ের হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক রাগীব রহমান। এর আগে দিবসটি উপলক্ষ্যে সকাল সাতটা থেকে ক্যাম্পাসের বঙ্গবন্ধু ভাস্কর্য পাদদেশে ঐতিহাসিক সাত মার্চের ভাষণ প্রচার করা হয়। সকাল ১০টায় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখরের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবার জাতির পিতার ভাস্কর্যে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, কলা অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদুল বারী, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, শিক্ষক সমিতির সভাপতি ড. সুজন আলী, সাধারণ সম্পাদক মো. তুহিনুর রহমান, বঙ্গবন্ধু নীল দলের সভাপতি ড. উজ্জ্বল কুমার প্রধান, সাধারণ সম্পাদক ড. সেলিম আল মামুন, কর্মকর্তা পরিষদের সভাপতি প্রকৌশলী জোবায়ের হোসেন, সাধারণ সম্পাদক রামিম আল করিম, শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবসহ অন্যান্যরা। এসময় বিশ্ববিদ্যালয়ের ডিন, হল প্রশাসন, শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু নীল দল, কর্মকর্তা পরিষদ, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়ন, কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল, নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগসহ অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও পুষ্পস্তবক অর্পণ করেন।
