শিক্ষার্থীদের আন্দোলনের পর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. নিলুফা আক্তার বানু।
মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে প্রফেসর ড. নিলুফা আক্তার বানু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'প্রশাসনকে বহুদিন ধরে বলে আসছি আমার জন্য দায়িত্ব পালন করা কষ্টকর হয়ে যাচ্ছে আমাকে অব্যাহতি দেন। সেই ধারাবাহিকতায় দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে ব্যক্তিগত কারণে রেজিস্ট্রার বরাবর চিঠি দিয়েছি।'
বিষয়টির সত্যতা নিশ্চিত করে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান বলেন, 'উনি গতকালকে চিঠি দিয়েছেন।'
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মাহবুবুর রহমান বলেন, 'ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন। উপাচার্য মহোদয় ক্যাম্পাসে না আসা পর্যন্ত আপাতত হাউজ টিউটররা হলের দায়িত্ব পালন করবেন। স্যার ক্যাম্পাসে ফিরে আসলে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।'
এর আগে, গত রবিবার রাতে অসদাচরণের অভিযোগ তুলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. নিলুফা আক্তার বানুর পদত্যাগ দাবি করে আন্দোলন করেন ওই হলের আবাসিক ছাত্রীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে আন্দোলন স্থগিত করেন তারা।
