ইবিতে ওমেন্স ক্লাব প্রতিষ্ঠার দাবি

আপডেট : ০৯ মার্চ ২০২২, ১৩:০৬

ওমেন্স ক্লাব প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নারী শিক্ষকরা। মঙ্গলবার (০৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নারী দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব মুর‌্যালের পাদদেশে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় ওমেন্স ক্লাব এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য ডে কেয়ার সেন্টার প্রতিষ্ঠার দাবি জানান তারা।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. শেলীনা নাসরিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে নারী শিক্ষকদের দাবি পূরণের আশ্বাস দিয়ে বলেন, 'নারী, পুরুষের থেকে বড় পরিচয় আগে আমি একজন মানুষ। এজন্য আগে আমাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। সমাজে আজ নারী ও পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে সমান ভূমিকা রেখে চলেছে। তিনি বলেন, দেশের সব জায়গায় নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখে নারীরা পুরুষের থেকে এগিয়ে আছে।'  

ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সাহিদা আখতার আশার সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বিশেষ অতিথি কোষাধ্যক্ষ প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. রেবা মণ্ডল প্রমুখ। এসময় বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. নিলুফা আক্তার বানু, আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের প্রফেসর ড. হামিদা খাতুন, আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আরমীন খাতুনসহ বিভিন্ন বিভাগ ও দপ্তরের নারী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এআই