ইসলামী বিশ্ববিদ্যালয়ে সেশনজট নিরসন ও শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা।
বুধবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা পরিসংখ্যান বিভাগে সেশনজট কমাতে হবে, চার বছরের অনার্স ছয় বছর কেন জবাব চাই প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।
এসময় শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটে ভুগছি, নিয়মিত ক্লাস হয় না। কোনো বিষয়ের ক্লাসের জন্য সকালে ডাকা হলে ক্লাস হয় দুপুরে বা দুপুরের পরে। বিগত বছরগুলোতে সঠিক সময়ে ক্লাস, পরীক্ষা হতে দেখিনি। তারা আরও বলেন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।
পরে বিভাগে পর্যাপ্ত শিক্ষক এবং সেশনজট মুক্ত বিভাগসহ দু'দফা দাবিতে শিক্ষার্থীরা বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়ার কাছে স্মারকলিপি প্রদান করেন।
এদিকে বিভাগের দুটি ফটকে তালা ঝুলিয়ে দেয়ায় তৃতীয় দিনের মতো বন্ধ ছিল বিভাগের সকল কার্যক্রম। তবে ভর্তি প্রক্রিয়া চলমান ছিল বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এ বিষয়ে বিভাগের সভাপতি এসোসিয়েট প্রফেসর ড. মাহবুবুর রহমান বলেন, শিক্ষার্থীরা আন্দোলন করতে পারে তবে বিভাগের অফিসে তালা দেয়ার বিষয়টি সঠিক বা যৌক্তিক মনে করছেনা পরিসংখ্যান বিভাগের একাডেমিক কমিটি। আমরা নিয়মিত ক্লাস পরীক্ষা নিতে চাই, শিডিউল দেয়া আছে। আশা করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নিবেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, স্মারকলিপি পেয়েছি। শিক্ষকদের কক্ষে শিক্ষার্থীরা তালা দিবে এটা আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। শিক্ষক নিয়োগ একটি প্রক্রিয়াধীন বিষয়। বোর্ড, সিন্ডিকেটের বিষয় থাকে আশা করছি দ্রুত সময়ের মধ্যে এ সমস্যা সমাধান হবে।
