আগামী ২১ মার্চ থেকে শুরু হবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস। বৃহস্পতিবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী ২১ মার্চ থেকে সশরীরে এবং যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। আশা করছি এর আগেই ভর্তি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম শেষ হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, আমরা শিক্ষার্থীদের একদিনও নষ্ট করতে চাই না। যত তাড়াতাড়ি সম্ভব নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু করতে চাই।
নবীন বরণের বিষয়ে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের রীতি রেওয়াজ অনুযায়ী এটা করা হবে। পাশাপাশি নতুন কিছু যুক্ত করার ভাবনা রয়েছে। কেননা নবীন বরণ শুধু আনুষ্ঠানিকতা না এর একাডেমিক ভ্যালুও রয়েছে।
এদিকে, চতুর্থ মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষে তিনটি ইউনিটে ৪৬৮টি আসন খালি থাকায় গত ৮ মার্চ দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ৫ম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।
