সাভারে চুরি হওয়া শিশু উদ্ধার, গ্রেফতার ১

আপডেট : ১১ মার্চ ২০২২, ১৮:৪৯

সাভারে চুরি হওয়া তিন বছরের শিশু জামেলাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটিকে চুরি করে নিয়ে যাওয়া পারভীনকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন শিশু জামেলার মা শিলা বেগম। 

গ্রেফতারকৃত পারভীন আক্তার টাঙ্গাইল জেলার কালিহাতী থানার কুচুটি গ্রামের শমশের আলীর মেয়ে। সে সাভারের কোর্টবাড়ি মহল্লার এমদাদের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় আল-মুসলিম নামক তৈরি পোশাক কারখানায় কাজ করতো। 

অন্যদিকে উদ্ধার হওয়া শিশু জামেলা রাজবাড়ী জেলার বাসিন্দা। সে তার নানা-নানি ও মায়ের সঙ্গে থানা রোড এলাকার একটি ভাড়া বাড়িয়ে বসবাস করতো। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাভারের থানা রোড এলাকা থেকে জামেলাকে চুরি করে নিয়ে যায় বোরকা পরা নারী পারভীন। সেখানে থাকা সিসিটিভির ফুটেজ দেখে শিশুটিকে উদ্ধারে নামে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

শিশুটির মা শিলা বেগম জানান, রাত ১২ টার দিকে খবর পাই থানা রোড থেকে চুরি হওয়া জামেলা নামাবাজারের জব্বর মসজিদ সংলগ্ন এলাকার দুলালের বাড়িতে রয়েছে। পুলিশ ও সাংবাদিকদের মাধ্যমে সেখানে গিয়ে জানতে পারি বিকেলে পারভীন ওই শিশুটিকে নিয়ে গেছে। পরে সাভার মডেল থানায় খবর দিলে পুলিশ সাভারের কলমা এলাকা থেকে পারভীনকে গ্রেফতার করে ও আমার শিশু মেয়েকে উদ্ধার করে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম রাসেল বলেন, পারভীন মূলত শিশুটিকে চুরি করে বিক্রির চেষ্টা করেছিল। তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে চুরি হওয়া শিশুটির মা শিলা বেগম।

ইত্তেফাক/এমএএম