ঢাকা: সরকার আপাদমস্তক দুর্নীতিতে জড়িত অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, যে সরকার দুর্নীতিবাজ ও অন্যায় আচরণকারীদের বিচার করতে পারে না সে সরকার ক্ষমতায় থাকতে পারে না।
সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে নাগরিক ফোরাম আয়োজিত সন্ত্রাস-নির্যাতন ও প্রতিহিংসার রাজনীতি শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সরকার উন্নয়নের দিকে মনোযোগ না দিয়ে দুর্নীতির দিকে মনোযোগ দিয়েছে। আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ না করে দলীয় কর্মীদের কল্যাণে কাজ করছে। গরিবের ওপর বরাদ্দ করা অনুদান সরকারের এমপি-মন্ত্রী নেতাকর্মীদের পকেটে যাচ্ছে।
আওয়ামী সরকারের রাজনীতি প্রতিহিংসার রাজনীতি মন্তব্য করে মওদুদ বলেন ৭২-৭৫ এবং ৯৬-০১ সাল ছিল তাদের প্রতিহিংসার রাজনীতি। আর তারা এখান থেকে কখনো বের হতে পারবে না।
তিনি বলেন, ৭৫ সালে তাদের নিজেদের গড়া সংবিধান লঙ্ঘন করে এক দলীয় শাসন কায়েম করেছিল। এখন আবার পঞ্চম সংশোধনী এনে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়। কারণ তারা জানে আওয়ামী লীগের প্রতি জনগণের আস্থা নেই।
টিআইবি প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, সরকারের উচিত ছিল এ প্রতিবেদন পরীক্ষা করে দেখা। কিন্তু পরীক্ষা বা তদন্ত না করে টিআইবি বন্ধ করে দেয়ার কথা বলা হয়েছে। এটা দুঃখজনক। কারণ এ রিপোর্টে সত্যের প্রতিফলন ঘটেছে।
লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, আওয়ামী লীগের কর্মকাণ্ডে সক্রেটিসের সংঙ্গা পরিবর্তন হয়েছে। ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে যে বিচার করা হচ্ছে, সেখানে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে।
