আশুলিয়া ট্রাজেডি: স্বাধীন তদন্ত কমিটি গঠনের নির্দেশ

আপডেট : ২৭ নভেম্বর ২০১২, ১১:৫৩
ঢাকা: সাভারের আশুলিয়ায় পোশাক কারাখানায় আগ্নিকাণ্ডে ঘটনা তদন্তে একটি স্বাধীন কমিটি গঠনে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও বেলার প্রধান নির্বাহীর নিকট নাম চেয়েছে হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানী করে সোমবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের ওই বেঞ্চ এই আদেশ দেয়। আগামী ১০ দিনের মধ্যে তাদেরকে ওই নাম জমা দিতে আদেশে বলা হয়েছে। সংবিধান ও আইনের বিধানমতে কার্যকরভাবে ওই ঘটনা তদন্ত, আহত ও নিহত হওয়ার ঘটনায় দায়ীদের বিচার ও শাস্তি দিতে কেন বিবাদীদেরকে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত। সকালে আইন ও সালিশ কেন্দ্র, ব্লাস্ট, নিজেরা করি এবং ব্রাক এর সম্মিলিতভাবে দায়ের করা এক রিটের শুনানি করে এই আদেশ দেয় আদালত। রিট আবেদনে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, যথাযথ পেশাজীবী, সুশীল সমাজের সদস্য, শ্রমিক সংগঠনসমূহের প্রতিনিধি নিয়ে একটি কমিটি গঠনের আর্জি জানানো হয়েছিলো। আদেশের বিষয়ে ড. কামাল বলেন, আমরা কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারপতি চাইলে আদালত সেই মর্মে আদেশ দেননি। তবে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও বেলার প্রধান নির্বাহী এমন কারো নাম প্রস্তাব করতে পারবেন। তাজরিন গামের্ন্টসে ওই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে কী পদক্ষেপ নেয়া হয়েছে এক মাসের মধ্যে প্রতিবেদন আকারে আদালতে জমা দিতে তাজরিনের ব্যবস্থাপনা পরিচালক ও তুবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দেয়া হয়েছে। কিসের ভিত্তিতে ওই ক্ষতিপূরণ দেয়া হচ্ছে প্রতিবেদনে তাও উল্লেখ করতে বলা হয়েছে। বাংলাদেশের সব গার্মেন্টেসের একটি তালিকা চেয়েছে আদালত। দুই মাসের মধ্যে শিল্প সচিবকে এই প্রতিবেদন দিতে বলা হয়। ওই সব কারাখানা প্রত্যেকটিতে অগ্নি নির্বাপনে সংশ্লিষ্ট আইনের বিধান অনুসারে কী ব্যবস্থা নেয়া হয়েছে তাও এই প্রতিবেদনে উল্লেখ করতে হবে। একইসঙ্গে এ বিষয়ে ১৯৯৭ সালে দায়ের করা একটি রিটের রায়ের বাস্তবায়নে অগ্রগতি জানতে চাওয়া হয়েছে। সংবিধান ও আইনের বিধানমতে কার্যকরভাবে ওই ঘটনা তদন্ত, আহত ও নিহত হওয়ার ঘটনায় দায়ীদের বিচার ও শাস্তি দিতে কেন বিবাদীদেরকে নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত। এক মাসের মধ্যে শিল্প সচিব, শ্রম সচিব, শিল্প মন্ত্রণালয়ের প্রধান কারাখান পরিদর্শক, বিজিএমইএ’র সভাপতি, ফায়ার সার্ভিসের মহাপরিচালক, তুবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন, তাজরিন ফ্যাশন লিমিটেড ব্যবস্থাপনা পরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন