স্মরণ

চট্টগ্রামের কিংবদন্তি পুরুষ

আপডেট : ২৯ নভেম্বর ২০১২, ১৬:১২
এই বিশাল পৃথিবীতে কে যে কখন আসে আর যায় তার হিসাব কে কখন রাখে! সাধারণ মানুষ জন্মায়, জীবন-যাপন করে, কাজকর্ম করে, সন্তান-সন্তুতির পিতা-মাতা হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই অতি সাধারণ মানুষ হয়েই পৃথিবী থেকে বিদায় নেয়। আসলে আমরা সবাই সাধারণ কিন্তু এর মধ্যে কেউ কেউ অসাধারণ এবং আশপাশের মানুষের কাছে রাজকীয় ভঙ্গিতে জীবন্ত কিংবদন্তি হয়ে আমাদের সামনে হাজির হন। এমনি একজন মানবের কথা আমি আপনাদের কাছে তুলে ধরছি। তিনি আখতারুজ্জামান চৌধুরী বাবু। তিনি অনেকের কাছে ছিলেন চট্টগ্রামের রাজপুত্র। তার আরো অনেক পরিচয় আছে। তিনি একাধারে আনোয়ারা পটিয়া এলাকা থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, এফবিসিসিআই'র সাবেক প্রেসিডেন্ট এবং অতি সম্প্রতি ইউনাইনেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। পরিচয় দেয়ার মতো অনেক কিছু আাছে তার। অনেক বিশেষণে বিশেষায়িত করা যায় তাকে। তিনি ছিলেন অত্যন্ত আধুনিক, স্মার্ট, স্টাইলিস্ট ও আন্তর্জাতিকবোধ সম্পন্ন একজন পুরুষ। ১৯৭০ সাল থেকে অনেকবার জনগণকে তাকে নির্বাচিত করেছেন। সর্বশেষ তিনি পাট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির প্রধান ছিলেন। সাধারণ সংসদ সদস্য, রাজনীতিবিদ কিংবা তথাকথিত ব্যবসায়ী ব্যক্তিত্ব ছিলেন না। রাজনীতির শুরু থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত কাছের মানুষ হয়ে উঠেছিলেন এবং আদর্শের রাজনীতি ও বঙ্গবন্ধু পরিবারের সাথে সুখে-দুঃখে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। দিনে দিনে হয়ে ওঠেছিলেন রাজনীতির একজন মহান মানুষ। এক কথায় নেতাদেরও নেতা হওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন, বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের জন্য। সিঙ্গাপুরে যাওয়ার আগে জালাল সাহেব একদিন জানালেন যে আখতারুজ্জামান বাবুকে ফোনে পাওয়া যাচ্ছে না। পরে শুনলাম একই সময়ে আখতারুজ্জামান বাবু সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হসপিটালের ডা. লাই-এর তত্ত্বাবধানে রয়েছেন। কিডনির ডায়ালাইসিস ছাড়াও হার্টের সমস্যা নিয়ে তিনি সেখানে লাইফ সাপোর্টে রয়েছেন। ঢাকা থেকে জালাল সাহেব ও তার মেয়ের সাথে ফোনে আমি জানলাম তারা সিঙ্গাপুরে আখতারুজ্জামান বাবু সাহেবকে নিয়ে খুব চিন্তিত। পরে হঠাৎ করে শুনলাম আখতারুজ্জামান চৌধুরী বাবু আর নেই। আমার বুকটা হাহাকার করে উঠলো। সারাদেশে ছড়িয়ে পড়লো সংবাদটি। পত্রিকা ও টেলিভিশনেও আসলো খবরটি। সিঙ্গাপুরের চিকিৎসারত জালাল উদ্দিন আহমেদ ও তার মেয়ের কাছে শুনলাম বাঙালি অধ্যুষিত এলাকা সিঙ্গাপুর সেরাঙ্গুন মোস্তফা সেন্টারের সামনে তারা আখতারুজ্জামান বাবুর প্রথম জানাযায় অংশগ্রহণ করছেন। তারা অনেক কান্নাকাটি করলো। আমার খুব কষ্ট লাগলো। পরদিন বাবু সাহেবের মৃতদেহ বাংলাদেশে আনা হলো এবং ঢাকা ও চট্টগ্রামের লক্ষাধিক মানুষ পরপর চারটি জানাযায় অংশগ্রহণ করে। তাকে সমাহিত করা হয় চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে। বাবু সাহেবের ছেলে-মেয়েদের আমন্ত্রণে জালাল উদ্দিন আহমেদ, তার ছেলে-মেয়েদের সাথে আমিও গিয়েছিলাম চট্টগ্রামে তার মেজবানীতে। এবার চট্টগ্রামে গিয়ে জানলাম যে আখতারুজ্জামান বাবু কত বড় নেতা ছিলেন। ছোট-বড় সবার কাছেই বাবু ভাই বলে পরিচিত ছিলেন তিনি। মেজবানীর আগের দিন-রাতে আখতারুজ্জামান বাবুর বাড়িতে গিয়ে চট্টগ্রামের রাজনীতি ও অর্থনীতির অনেকটা অাঁচ করলাম। এলাকাবাসী-শুভানুধ্যায়ীদের ভিড়ে বাড়িটি ছিল লোকে-লোকারণ্য। পরিচিত হলাম জাবেদ ভাইসহ তার অন্য ছেলে-মেয়েদের সঙ্গে। তার ছেলে রনি চৌধুরী ও আসিফ চৌধুরীর আতিথেয়তা, ভালোবাসা ও হূদ্যতায় আমরা মুগ্ধ হলাম। তার ছেলে-মেয়েরা রাতের খাবার না খেয়ে আমাদের আসতে দিলেন না। পরদিন দুপুরের আগে আমরা আখতারুজ্জামান বাবুর কবর জিয়ারত করতে গেলাম চট্টগ্রামের আনোয়ারায়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ অনেকের ফুলের শ্রদ্ধাঞ্জলি দেখলাম তার কবরে। সেখানে উপস্থিত হলেন অনেক নেতাকর্মীসহ আখতারুজ্জামান বাবুর বড় ছেলে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। রাস্তায় যেতে-আসতে দেখলাম আখতারুজ্জামান বাবুর মৃত্যুতে শোকাহত শত শত ব্যানার। "আখতারুজ্জামান বাবু ভাই আর নেই এই অভিশপ্ত বাক্যটি আমরা বিশ্বাস করি না" এরকম অনেক ব্যানার আমার চোখে পড়েছে। মৃত্যুর পরে একটি মানুষের প্রতি এত ভালোবাসা আমার চোখে পড়েনি কখনো। রাতে চট্টগ্রামের পুলিশ লাইনে মেজবানীতে প্রায় সত্তর হাজার লোকের সমাগম দেখেছি আমি। এর আগে মরণোত্তর অনুষ্ঠানে এত মানুষের সমাগম কখনো দেখিনি। দলমত নির্বিশেষে সারাদেশ থেকে সেখানে উপস্থিত হয়েছিলেন রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, ব্যবসায়ী, শুভানুধ্যায়ী, চট্টগ্রামের প্রশাসনের মানুষসহ অনেকেই। মানুষের মুখে মুখে শুনেছি আখতারুজ্জামান চৌধুরী বাবুর গুণগান, জয়গান ও ভালোবাসার কথা। তিনি নিয়ন্ত্রণ করতেন চট্টগ্রামের রাজনীতি, অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য। নিজেকে কখনো ব্যবসায়ী ভাবতেন না, তিনি নিজেকে ভাবতেন আপাদমস্তক একজন রাজনীতিবিদ। তিনি দিনে দিনে হয়ে উঠেছিলেন একজন প্রকৃত নেতা, একজন ভাল মানুষ। তিনি ছিলেন বিস্ময়কর মানুষ, চট্টগ্রামের জীবন্ত কিংবদন্তি পুরুষ। ++লেখক :কবি

এ সম্পর্কিত আরও পড়ুন