মিয়ানমারে খনি সম্প্রসারণ বিরোধী আন্দোলনে পুলিশের হামলা

আপডেট : ২৯ নভেম্বর ২০১২, ২১:১৫
মিয়ানমারে তামা খনি সম্প্রসারণের প্রতিবাদে আন্দোলনরতদের হঠাতে জলকামান ব্যবহার করেছে পুলিশ। এমন কী তাদের তাঁবুতে আগুন ধরিয়ে দেয়ারও অভিযোগ করেছে আন্দোলনকারীরা। আন্দোলনকারীরা দেশটির মধ্যাঞ্চলীয় মনিওয়া শহরের কাছে তামা খনি সম্প্রসারণের সিদ্ধান্তের প্রতিবাদ জানায় বলে বিবিসি জানিয়েছে।-খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। কর্তৃপক্ষের খনি সম্প্রসারণের সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁবু টানিয়ে একনাগাড়ে প্রতিবাদ জানাচ্ছিল আন্দোলনকারীরা। তারা জানিয়েছে, পুলিশের হামলায় তাদের কয়েক ডজন কর্মী আহত হয়েছে এবং তাদের তাঁবুতে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। খনি সম্প্রসারণে জোর করে ভূমি থেকে উচ্ছেদের সিদ্ধান্তের প্রতিবাদে দেশটির কৃষক, ভিক্ষু ও আন্দোলনকারীরা সোচ্চার হয়ে ওঠে। মিয়ানমারের সর্ববৃহত্ এই তামা খনিটির মালিক যৌথভাবে দেশটির সেনাবাহিনী ও চীনের অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান নরিনকো। দীর্ঘ সেনা শাসনের পর সম্প্রতি গণতন্ত্রে উন্নীয় হওয়া মিয়ানমারে বিভিন্ন সংস্কারের ধারাবাহিকতায় গণপ্রতিবাদ বিষয়ক আইনও শিথিল করা হয়েছে। কিন্তু চলতি সপ্তায় দেশটির সরকার আন্দোলনকারীদের বিক্ষোভস্থল থেকে সরে যেতে সময়সীমা বেঁধে দেয়। আন্দোলনকারীরা জানিয়েছে, খনি সম্প্রসারণে অধিগ্রহণস্থলে তাঁবু খাটিয়ে তারা যখন ঘুমাচ্ছিল তখন বৃহস্পতিবার ভোরে পুলিশ এসে তাদের হঠিয়ে দিতে জলকামান ব্যবহার করে এবং তাঁবুতে আগুন ধরিয়ে দেয়।