পাকিস্তান বুধবার পরমাণু অস্ত্রবাহী মাঝারি-পাল্লার হাতফ-৫ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। ক্ষেপণাস্ত্রটি ১ হাজার ৩০০ কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হানতে সক্ষম বলে জানিয়েছে সেনা কর্তৃৃপক্ষ। সে হিসাবে ভারতে আঘাত হানতে পারবে এ ক্ষেপণাস্ত্র। পাকিস্তান সেনাবাহিনী এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “এ পরীক্ষা সেনাবাহিনীকে সুসংহত করা এবং শত্রুপক্ষকে প্রতিহত করার শক্তি ও জাতীয় নিরাপত্তার সামর্থ্য তুলে ধরেছে।” ১৯৯৮ সালের মে মাসে পারমাণবিক পরীক্ষার পর থেকে পাকিস্তান ও ভারত দূরত্বের ভিত্তিতে ক্ষেপণাস্ত্র উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে। পাকিস্তান গত বছর ৯০ থেকে ১০০টি পারমাণবিক অস্ত্র তৈরি করেছে বলে এক হিসাবে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। বিশ্লেষকরা বলছেন, বিশ্বের মধ্যে পাকিস্তানের পরামাণবিক অস্ত্রের মজুদ সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পাকিস্তান প্রতিবেশী দেশ ভারতের মত পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে স্বাক্ষর করেনি। ভারতের বিশাল সামরিক বাহিনীর বিরুদ্ধে তাদের পারমাণবিক অস্ত্র প্রতিরক্ষামূলক বলে জানিয়েছে পাকিস্তান।
