স্বাস্থ্যসচেতন ব্যক্তি এবং খেলোয়াড়দের জন্য নানা ধরনের গ্যাজেট নির্মাণে জুড়ি নেই নাইকির। বিশ্বখ্যাত এই স্পোর্টসওয়্যার নির্মাতা এর আগেও নানা ধরনের গ্যাজেট নিয়ে এসেছে, যেগুলোর মাধ্যমে যে কেউ তার বিভিন্ন ধরনের শারীরিক কার্যক্রমকে মনিটর করতে সক্ষম। এর ধারাবাহিকতাতেই নাইকির আরেকটি গ্যাজেট হচ্ছে নাইকি স্পোর্টসওয়াচ জিপিএস। এর মাধ্যমে এর ব্যবহারকারী তার দৌড়ের পরিমাণ সম্পর্কেই কেবল নয়, দৌড়ের গতি এবং কোন রুটে দৌড়ানো হয়েছে, তাও জানতে পারবে। আগে থেকে কোনো প্রোগ্রাম নির্ধারণ করে রাখলে এটি যথাসময়ে আপনাকে দৌড়ানোর কথা মনে করিয়ে দেবে। দৌড়ানোর সময় আপনার দৌড়ের গতি, স্থান, দূরত্ব, ল্যাপ, ক্যালরি খরচ এবং এমনকি হূদস্পন্দন গতিও পরিমাপ করতে পারবে। আর দৌড় শেষ হয়ে গেলে এটি নাইকির ওয়েবসাইটে আপনার দৌড়ের তথ্য আপলোড করে দেবে। সেখান থেকে আপনার শারীরিক অবস্থার অগ্রগতি সম্পর্কে জানতে পারবেন। ইউএসবিচালিত এই গ্যাজেটটি ম্যাক এবং উইন্ডোজ উভয় অপারেটিং সিস্টেম সমর্থন করে।
