দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার পরিকল্পিত রকেট উেক্ষপণ ঠেকাতে তাদের সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালাবে। দক্ষিণ কোরিয়ার শীর্ষ পরমাণু দূত মঙ্গলবার বৈঠকের জন্য ওয়াশিংটন যাত্রার প্রাক্কালে একথা বলেন। উত্তর কোরিয়া শনিবার ঘোষণা দিয়েছে যে, ১০ থেকে ১২ ডিসেম্বরের মধ্যবর্তী সময়ে তাদের একটি দূর পাল্লার ক্ষেপণাস্ত্র উেক্ষপণের পরিকল্পনা আছে। লিম সুং-ন্যাম-এর যুক্তরাষ্ট্র সফরকালে এ বিষয়ে আলোচনা প্রাধান্য পাবে। যুক্তরাষ্ট্র ও তার এশীয় মিত্র দক্ষিণ কোরিয়া ও জাপান উত্তর কোরিয়ার পরিকল্পনার নিন্দা জানিয়ে বলেছে, এটি মূলত ছদ্মবেশী মহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা, আর এটি ২০০৬ ও ২০০৯ সালে পিয়ংইয়ংয়ের দু’টি পারমাণবিক পরীক্ষার পর গৃহীত জাতিসংঘ প্রস্তাবের লঙ্ঘন।
