১১৫০ টাকায় বিশ্বকাপ জার্সি!

আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ০৮:৩০

বিশ্বকাপ জার্সি সম্পর্কিত সংবাদ সম্মেলন। স্বাভাবিকভাবে সবার ধারণা ছিল বাংলাদেশের বিশ্বকাপ জার্সি জনসম্মুখে প্রকাশ করা হতে পারে। কিন্তু হাতিরঝিলের পাশে ক্রিকেটার্স কিচেন রেস্টুরেন্টে গতকাল পড়ন্ত বিকালে আয়োজকরা হতাশ করেছেন সবাইকে। এই অনুষ্ঠানে দেখা মিলেনি টাইগারদের বিশ্বকাপ জার্সির।

আয়োজকদের দেয়া তথ্য অনুযায়ী চলতি সপ্তাহেই জার্সি বিক্রি শুরু হবে। আর আগামীকাল মিরপুর স্টেডিয়ামে জার্সি উন্মোচন হতে পারে। জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন উন্মোচন করবেন জার্সি। তারপর থেকেই শুরু হবে বিক্রির কার্যক্রম।

গতকাল টাইগারদের বিশ্বকাপ জার্সির স্বত্ব্ব পাওয়া স্পোর্টস এন্ড স্পোর্টজ নামক প্রতিষ্ঠান আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়েছে জার্সির মূল্য। অনুষ্ঠানে পরিচয় করিয়ে দেয়া হয় সারাদেশের জার্সি বিক্রিতে তাদের সঙ্গী প্রতিষ্ঠানগুলোকে।

‘স্পোর্টস এন্ড স্পোর্টজ’ প্রতিষ্ঠানের কর্ণধার মেহতাবউদ্দিন আনোয়ার আহমেদ সেন্টু বলেছেন, ‘ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে জার্সি উন্মোচিত না করলে তো আমরা তা দেখাতে বা বিক্রি করতে পারি না।’

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা বিসিবির দুই পরিচালক জালাল ইউনুস ও আকরাম খান জানাতে পারেননি জার্সি উন্মোচনের সুনির্দিষ্ট দিনক্ষণ। তবে জানা গেছে, মাশরাফি-পাপনরা জার্সি উন্মোচনের পরই বিক্রি শুরু হবে।

সবার ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে বাংলাদেশ দলের ম্যাচ জার্সির মূল্য ধরা হয়েছে ১১৫০ টাকা। অপ্রাপ্ত বয়স্ক তথা শিশুদের জার্সির মূল্য হবে ৮৭৫ টাকা।

দেশের দুই জনপ্রিয় ব্র্যান্ড অঞ্জনস ও জেন্টল পার্কের প্রায় শতাধিক আউটলেটে বিক্রি হবে বাংলাদেশ দলের জার্সি। অনলাইন শপ থেকেও জার্সি কেনার সুযোগ থাকছে। ক্রিকশপ বিডি ও জার্সি ফ্রিক বিডি; এই দুই অনলাইন প্রতিষ্ঠান তাদের বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে জার্সি বিক্রি করবে। এছাড়া স্পোর্টস অ্যান্ড স্পোর্টজের এক্সক্লুসিভ পার্টনার ডিমানি অ্যাপের মাধ্যমেও ক্রেতারা জার্সি কিনতে পারবেন। আর সারাদেশের ক্রিকেট ভক্তদের মধ্যে জার্সি ছড়িয়ে দিতে আলাদাভাবে কাজ করবে রবিন স্পোর্টস।

বিশ্বকাপ ক্রিকেট উপভোগে ইংল্যান্ডে যাবেন যেসব দর্শক, তারা ম্যাচের ভেন্যু থেকে জার্সি কিনতে পারবেন। প্রবাসী দর্শকরা ইংল্যান্ড ও ওয়েলসের বিভিন্ন জায়গা থেকে জার্সি সংগ্রহ করতে পারবেন। এছাড়া আইসিসির অফিসিয়াল স্টোরেও টাইগারদের জার্সি বিক্রির পরিকল্পনা করেছে স্পোর্টস অ্যান্ড স্পোর্টজ।

ইত্তেফাক/এএম