ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপে শক্তিশালী টাইফুন বোপায় নিহতের সংখ্যা বেড়ে ৪২০ জনে দাঁড়িয়েছে।
এখনো অন্তত ৪ শতাধিক লোক নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ফিলিপাইনের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা নিহতের সংখ্যা ৪২০ বলে জানিয়েছে। এ সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
ওদিকে মিন্দানাওয়ের কম্পোসটেলা ভ্যালি এলাকার নিউ বাতান গ্রামে নদীর পার থেকে ৭৭ বছর বয়সী এক বৃদ্ধকে উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। উদ্ধার করা হয়েছে এক গর্ভবতী নারী ও তার এক বছর বয়সী শিশুকেও। একই স্থানে নদীতে অন্তত চারটি মৃতদেহ পাওয়া যায়। তবে প্রবল বৃষ্টিপাতের কারণে উদ্ধার কাজ বেশ জটিল হয়ে পড়ছে।
নিউ বাতানে কাদায় আটকে পড়া তিন বছরের এক শিশুকেও উদ্ধার করা হয়। শিশুটির মা ও আরেক সহোদর নিখোঁজ রয়েছে। কম্পোসটেলা ভ্যালির গভর্নর আর্তুরো আর্থার উই জানান, তার এলাকায় অন্তত ২০০ জন মারা গেছে এবং আরো ৬০০ মানুষ নিখোঁজ রয়েছে। আরো অনেক মানুষকে উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি। বোপায় ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের ১২টি প্রদেশ কম-বেশি ক্ষতিগ্রস্ত হলেও মিন্দানাওয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। এখনো প্রায় দুই লাখ মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে রয়েছে।
