তাজরীন শ্রমিকদের পাশে ইনার হুইল

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১২, ২০:৩৮
সমাজের সুবিধা বঞ্চিত মানুষের সেবায় নিয়োজিত আন্তর্জাতিক নারী সংগঠন ইনার হুইল আশুলিয়ার ক্ষতিগ্রস্ত তাজরীন শ্রমিকদের সহযোগিতায় এক লাখ টাকা প্রদান করেছে। শুক্রবার নগরীর একটি রেস্তোরাঁয় সংগঠনের ডিস্ট্রিক্ট-৩২৮ এর আই এস ও মিট অনুষ্ঠানে এই অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক আইজিপি এবং হাই কমিশনার এ.ওয়াই.বি.আই সিদ্দিকী। তিনি বলেন, ইনার হুইল আন্তরিকতার সাথে কাজ করে চলছে। আর এই কাজের পেছনে তাদের পারস্পরিক সমঝোতাটা যে কতটা দৃঢ় তা এই আয়োজনের মাধ্যমে উঠে এসেছে। ডিস্ট্রিক্ট চেয়ারম্যান সুরাইয়া আলম বলেন, ইনার হুইলের সকল সদস্য একই বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ। বর্তমান ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ নাজ আফরিন রহমান আই এস ও মিটের থিম সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে বলেন, ইনার হুইলের ভিত্তি বন্ধুত্ব। অনুষ্ঠানে বক্তারা নারী ও শিশুদের প্রতি সকলপ্রকার নির্যাতন বন্ধ করতে ঐক্যবদ্ধ হওয়ার ওপর জোর দেন এবং আগামী প্রজন্মের জন্য সুন্দর পৃথিবী গড়ে তোলার আহ্বান জানান। সারা দেশ থেকে আগত সদস্য এবং আই এস ও-দের মিলনমেলায় অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠে।