এক সময়ের সাড়া জাগানো কোডাককে এখন দেউলিয়া ঘোষণা করা হয়েছে। আর সেই পরিস্থিতিতে এসে কোডাক তাদের আর্থিক অবস্থা ফিরিয়ে নিয়ে আসতে এখন নিজেদের প্যাটেন্ট বিক্রি করে দিতে হচ্ছে তাদের। প্রায় ৫০০ মিলিয়ন ডলারে কোডাকের প্যাটেন্টগুলো বিক্রি করে দেওয়া হচ্ছে। আর সেই প্যাটেন্টগুলো যৌথভাবে কিনে নিচ্ছে গুগল এবং অ্যাপল। স্মার্টফোনের বাজারে এই দুই প্রতিষ্ঠানের মধ্যেই রয়েছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। অ্যাপল’র আইওএস এবং গুগল’র অ্যানড্রয়েড বরাবরই শীর্ষ স্মার্টফোন অপারেটিং সিস্টেম হিসেবে পরিচিত। আর গুগল তাদের নেক্সাস দিয়ে আইফোনের সাথে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাচ্ছে। এসব অপারেটিং সিস্টেম এবং স্মার্টফোনের জন্য ক্যামেরা অ্যাপ্লিকেশন উন্নত করার লক্ষ্যেই গুগল এবং অ্যাপল কোডাকের সহস্রাধিক প্যাটেন্ট কিনে নিয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, কোডাকের বিক্রি করে দেওয়া প্যাটেন্টের সংখ্যা প্রায় ১,১০০। ইমেজিং এই প্যাটেন্টগুলো ব্যবহারের মাধ্যমে অ্যাপল ও গুগল’র স্মার্টফোনগুলোর ক্যামেরা অ্যাপ্লিকেশনগুলো উন্নততর হয়ে উঠবে বলেই ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
