কিছুদিন আগে ইয়াহু তাদের চলতি বছরের সবচেয়ে বেশি সার্চ করা কনটেন্টের তালিকা প্রকাশ করেছে। এবারে সেই তালিকা প্রকাশ করেছে গুগল। ইয়াহু সার্চে চলতি বছরে সবচেয়ে বেশি খোঁজ করা টপিক হিসেবে অলিম্পিক স্থান পেলেও গুগল’র হিসেবে এই তালিকার শীর্ষে রয়েছে ‘ইউরো ২০১২’। আর এতে দ্বিতীয় স্থানে রয়েছে অলিম্পিকের টিকিট। সার্বিক তালিকার তৃতীয় স্থানে রয়েছে হুইটনি হুইসটন। গুগল সার্চের হিসেবে ব্যক্তি হিসেবেও সার্চের শীর্ষে ছিলেন হুইটনি। আর ব্যক্তি হিসেবে তার পরেই রয়েছেন কেট মিডলটন। এদিকে বছরের শেষভাগে মুক্তি পেয়েও সবচেয়ে বেশি সার্চ করা চলচ্চিত্রের স্থানটি দখল করে নিয়েছে জেমস বন্ড সিরিজের সর্বশেষ ছবি স্কাইফল। আর নিজের রেকর্ড নিজেই ভেঙ্গে বছরের সব থেকে বেশি খোঁজ পড়া অ্যাথলেট ছিলেন উসাইন বোল্ট। সার্বিকভাবে গুগলে সবচেয়ে বেশি সার্চ করা শীর্ষ দশের তালিকায় এবারে প্রযুক্তির প্রভাব অত্যন্ত কম। সেরা দশে কেবল স্থান পেয়েছে অ্যাপল’র আইপ্যাড ৩। তার অবস্থান আটে।
