দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা সে দেশের ক্ষমতাসীন দল এএনসি’র (আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস) পাঁচদিনব্যাপী সম্মেলনে দ্বিতীয় মেয়াদে দলের নেতৃত্বে থাকার আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, দুর্নীতি এবং সহিংসতা দলটির ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে। তিনি এর দায়ভার স্বীকার করে বলেন, তারপরও তিনি দলের নেতৃত্বে থাকতে চান। এজন্য তিনি সদস্যদের প্রতি আবারও তাকে সমর্থন দেয়ার আহবান জানান। রবিবার সম্মেলনের উদ্বোধনী দিনে তিনি এসব কথা বলেন।
প্রেসিডেন্ট জুমা তার স্বাগত বক্তব্যে বলেন, এটা অস্বীকার করা যাচ্ছে না যে, ইতোমধ্যেই দলের ভাবমূর্তি অনেকটা ক্ষুণ্ন হয়েছে। অনেক দুর্নীতি ও সংঘাত হয়েছে। এসবকে আমি মেনে নিয়ে সামনের দিকে দলকে এগিয়ে নিতে চাই। আর এজন্যে আপনাদের সমর্থন আমার প্রয়োজন। আমি আশা করি এ সমর্থন পেলে এএনসি তার ইমেজ আবার ফিরে পাবে। প্রায় চার হাজার প্রতিনিধি ওইদিন সম্মেলনে উপস্থিত হন। এদের মাধ্যমেই দলের পরবর্তী নেতা নির্বাচিত হবেন। তবে ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্ট জ্যাকব জুমা এবার পরিবর্তিত হতে পারেন। তার স্থলে এবার আসতে পারেন তারই সহকারী গালেমা মোতলান্থে।
দক্ষিণ আফ্রিকার নয়টি প্রদেশের মধ্যে কমপক্ষে তিনটি প্রদেশের সমর্থন রয়েছে জুমার সহকারী মোতলান্থের পক্ষে। গত সপ্তাহে নিজের প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করেন। যদি মোতলান্থের পক্ষে দলের সদস্যরা রায় দেন তাহলে ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকার পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত তার। প্রতি পাঁচ বছর অন্তর এএনসির সম্মেলন হয়। মাঙ্গুয়াংয়ে সম্মেলন হচ্ছে। এক শতাব্দী আগে এখানেই এএনসি গঠিত হয়েছিল। ১৯৯৪ সালের শেষের দিকে দক্ষিণ আফ্রিকার শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয় এএনসি।
