নাসির আলী মামুনের ‘তার আলো, তার ছায়া’

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১২, ২১:৩৯
ক্যামেরার কবি হিসেবে খ্যাত নাসির আলী মামুন। তিনি গত চার দশক যাবত্ বিভিন্ন ক্ষেত্রের খ্যাতনামা ও সৃজনশীল ব্যক্তিত্বদের দুর্লভ মুহূর্ত ক্যামেরায় বন্দী করে চলেছেন। ১৯৭২ সালে তিনি এদেশে পোর্ট্রেট ফটোগ্রাফির সূচনা করেন এবং সৃষ্টি করেন এক নতুন ঘরানা। ক্যামেরায় ছবি তোলার পাশাপাশি তিনি পরম যত্নে সংগ্রহ করেছেন শিল্প-সাহিত্য এবং সৃজনশীল ব্যক্তিত্বদের আঁকা বিভিন্ন মাধ্যমের ছবি। তার ব্যক্তিগত সংগ্রহশালা থেকে এসব ছবি এখন শোভা পাচ্ছে বেঙ্গল শিল্পালয়ের দেয়ালে। শুরু হয়েছে বিখ্যাতদের আঁকা ড্রইংয়ের প্রদর্শনী। শিরোনাম ‘তার আলো, তার ছায়া’। মঙ্গলবার সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন এমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী কাইয়ুম চৌধুরী। এ সময় আলোকচিত্র শিল্পী নাসির আলী মামুন ও বেঙ্গল শিল্পালয়ের পরিচালক সুবীর চৌধুরী উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে শিল্পাচার্য জয়নুল আবেদিন, শিল্পী কামরুল হাসান, এস এম সুলতান, মোহাম্মদ কিবরিয়া, পরিতোষ সেন, শামসুর রাহমান, হুমায়ুন আহমেদ, মৃণাল সেন, যোগেন চৌধুরী, গনেশ পাইনসহ বাংলাদেশ ও ভারতের বিশিষ্ট শিল্পী, কবি ও লেখকদের আঁকা চিত্রকর্মসমূহ প্রদর্শিত হচ্ছে। এই প্রদর্শনী থেকে বিক্রয় লব্ধ অর্থের অংশ সাভারে প্রস্তাবিত নাসির আলী মামুনের আলোকচিত্র জাদুঘর ফটোজিয়ামের প্রস্তুতির কাজে ব্যয় হবে। আট দিনব্যাপী এ প্রদর্শনীতে ১০১টি চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনী আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। ‘একাত্তরের চিঠি’ নিয়ে প্রামাণ্য চিত্র ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের লেখা চিঠি নিয়ে প্রকাশিত হয় সংকলন ‘একাত্তরের চিঠি’। এবার সেই ৮২টি চিঠির ২৬টিকে বাছাই করে একই নামে প্রামাণ্য কাহিনী চিত্র নির্মাণ করা হয়েছে। প্রামাণ্য কাহিনী চিত্রটি নির্মাণ করেছে ফোর পি মিডিয়া ওয়াকর্স। আমিনুল আকরামের পরিচালনায় নির্মিত এ ধারাবাহিক কাহিনী চিত্রটি প্রযোজনা ও সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘একাত্তর’। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বসুন্ধরা সিনেপ্লেক্সে হয়ে গেলো ধারাবাহিক এই প্রামাণ্য কাহিনী চিত্রটির সূচনা প্রদর্শনী। এতে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অনুষ্ঠানে একাত্তর সালে লেখা নিজের লেখা একটি চিঠি পাঠ করে শোনান মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রযোজনা ও সম্প্রচার সংস্থা একাত্তরের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, প্রধান নির্বাহী কর্মকর্তা সামিয়া জামান, প্রামাণ্য কাহিনী চিত্রের পরিচালক আমিনুল আকরাম, নির্বাহী প্রযোজক সাঈদ মুন্না প্রমুখ। পরিচালক আমিনুল আকরাম জানান, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের গৌরব কাহিনী পৌঁছে দেয়ার লক্ষ্যে প্রামাণ্য চিত্রগুলো নির্মাণ করা হয়েছে। ২৬টি চিঠি নিয়ে ২৬টি ভিন্ন পর্ব অনুষ্ঠিত হবে। প্রতিটি পর্ব ২৫ মিনিট দৈর্ঘ্যের।’ তিনি ছাড়াও প্রামাণ্য কাহিনী চিত্রটির চিত্রনাট্য লিখেছেন মাহাবুব আলম পল্লব, বিজয় মজুমদার ও বরকতউল্লা মারুফ। সূচনা প্রদর্শনীতে জানানো হয়, আজ বুধবার থেকে সপ্তাহের প্রতি বুধবার রাত ৯টা ৩০ মিনিটে চ্যানেল একাত্তরে প্রচারিত হবে ‘একাত্তরের চিঠি’।