বিসিএস পরীক্ষা পিছাবে না

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১২, ২১:৪০
বাংলাদেশ জামায়াতে ইসলামীর হরতালের জন্য ৩৩তম বিসিএসের লিখিত পরীক্ষা পিছানো হবে না বলে সরকারি কর্মকমিশন (পিএসসি) জানিয়েছে। কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে আজ বুধবার সিলেট বিভাগে অর্ধদিবস এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক তাসনিম আলমকে গ্রেফতারের প্রতিবাদে রাজশাহী বিভাগের আট জেলায় হরতাল ডাকে জামায়াত ও ছাত্রশিবির। ৩৩তম বিসিএস পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত পিএসসির সদস্য কাজী নাসিরুল ইসলাম মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন, বিসিএসের লিখিত পরীক্ষার সূচি আর পরিবর্তন করা হবে না। কোনো পরীক্ষাও পিছানো হবে না। স্থগিত হওয়া ৩৩তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আজ বুধবার শুরু হওয়ার কথা রয়েছে। ঢাকা, সিলেট, রাজশাহীসহ ছয়টি বিভাগীয় শহরের ২৬টি কেন্দ্রে এই পরীক্ষা হবে। এর মধ্যে সিলেট সরকারি কলেজ কেন্দ্রে এক হাজার ১৪৬ জন এবং রাজশাহী সরকারি সিটি কলেজ ও রাজশাহী সরকারি মহিলা কলেজ কেন্দ্রে দুই হাজার ৫০২ জন পরীক্ষায় অংশ নেবে।