কেনিয়ায় আদিবাসী সহিংসতায় ৩৯ জনের প্রাণহানি

আপডেট : ২২ ডিসেম্বর ২০১২, ২১:০৪
কেনিয়ার উপকূলীয় তানা ডেলটা অঞ্চলে আদিবাসী সহিংসতায় শুক্রবার কয়েকজন শিশুসহ ৩৯জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দুটি আদিবাসী কৃষি সম্প্রদায়ের মধ্যে এ সহিংসতা হয়। কিপাও গ্রামে ওরমা আদিবাসী কৃষকদের ওপর হামলা চালায় পোকোমো আদিবাসী কৃষকরা। উপকূলীয় অঞ্চলগুলোতে চারণভূমি, কৃষিজমি এবং পানির হিস্যা নিয়ে দুই আদিবাসী সম্প্রদায়ের মধ্যে বছরের পর বছর ধরে লড়াই চলে আসছে। শুক্রবার সকালে প্রায় ১৫০ পোকোমো আদিবাসী ওরমা অধ্যুষিত কিপাও গ্রামে হামলা করে। তারা গ্রামের লোকজনদের বাড়িঘর জ্বালিয়ে দেয়, ছুরিকাঘাত করে লোকজনকে হত্যা করে। আগস্ট এবং সেপ্টেম্বরে দু’পক্ষের হামলায় ১শ’র বেশি মানুষ নিহতের বদলা নিতেই এ হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। পুলিশ জানায়, দুপক্ষেই হতাহতের ঘটনা ঘটেছে। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। অন্তত ৩০জন নিহত, ৩০জন আহত হয়েছে এবং ৪০টি বাড়ি পুড়ে গেছে বলে জানিয়েছে রেডক্রস। কেনিয়ায় আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ সহিংসতার ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। উত্তরাঞ্চলীয় উপকূল এবং বন্দর নগরী মোম্বাসায় প্রাণঘাতী দাঙ্গার কারণে ২০১৩ সালের মার্চে অনুষ্ঠেয় নির্বাচন আবারো সহিংসতা এবং বিশৃঙ্খলায় পণ্ড হওয়ার আশঙ্কা বাড়ছে।