ভাইরাস জ্বরের চিকিত্সা এবং করণীয়

আপডেট : ২২ ডিসেম্বর ২০১২, ২১:৪৯
এখন শীতকাল। এই সময় প্রায় ঘরে ঘরে শুরু হয়ে থাকে ভাইরাস জ্বর, সর্দি, কাশি, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি। ইতিমধ্যেই এই ভাইরাস জ্বরে হানা দিয়েছে। আর এ বছরের ভাইরাসটি বেশ পরাক্রমশালী। আক্রান্ত ব্যক্তির সমস্ত শরীর দুমড়ে-মুচড়ে কাহিল করে দেয়ার ক্ষমতা রাখে এই ভাইরাসটি। সধারণত ভাইরাস জ্বরের লক্ষণসমূহ হচ্ছে, শরীরের তাপমাত্রা বৃদ্ধি, সমস্ত শরীরের পেশীতে ব্যথা, নাক দিয়ে পানি পড়া, খাবারে অরুচি ইত্যাদি। তবে এ বছরের ভাইরাসে আক্রান্তদের শরীরে তীব্র ব্যথা হচ্ছে। জ্বরের মাত্রা কম। সাধারণত ভাইরাস জ্বর হলে চিকিত্সকগণ উপসর্গ অনুযায়ী চিকিত্সা প্রদানের কথা বলে থাকেন। এক্ষেত্রে জ্বর ও শরীর ব্যথার জন্য প্যারাসিটামল সেবন করতে হবে। আর সর্দি, কাশি ও নাক দিয়ে পানি পড়লে এন্টিহিস্টামিন জাতীয় ওষুধ সেবনের পরামর্শ দেয়া হয়ে থাকে। সাধারণত ৪/৫ দিনের মধ্যে এই ভাইরাস জ্বর কমতে শুরু করে। একদম সেরে উঠতে ৬/৭ দিন পর্যন্ত সময় লাগে। এই সময়ের মধ্যে জ্বর ভালো না হলে রোগীর ব্লাড টেস্ট, বিডাল টেস্ট ও রক্তের কালচার টেস্ট করতে পরামর্শ দেয়া হয়ে থাকে। তবে ফুসফুসে বা গলায় ইনফেকশন হবার ঝুঁকি না থাকলে কোন অবস্থাতেই এন্টিবায়োটিক বা জীবাণুনাশক সেবন করা উচিত নয়। কারণ ভাইরাস দমনে এন্টিবায়োটিকের কোন কার্যকারিতা নেই। এছাড়া আর একটা কথা মনে রাখতে হবে ভাইরাস জ্বর হলে শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়ে এবং এসময় সব ধরনের স্বাভাবিক খাবারসহ পুষ্টিকর খাবার খাওয়া উচিত।