আলোকপাত

বালিতে গ্লুকোমা বিশেষজ্ঞদের মিলনমেলা

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১২, ২১:৩৫
ইন্দোনেশিয়ার অত্যন্ত নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের দ্বীপ বালি। স্থানীয় মানুষের কাছে অত্যন্ত প্রিয় এই দ্বীপটি। গত ৭-৯ ডিসেম্বর এখানেই অনুষ্ঠিত হয়ে গেল এশিয়া প্যাসিফিক গ্লুকোমা কংগ্রেস। এশিয়া প্যাসিফিক অঞ্চল ছাড়াও বিশ্বের প্রায় ৪০টি দেশের ৭০০ জন চক্ষু ও গ্লুকোমা বিশেষজ্ঞ এই সম্মেলনে অংশগ্রহণ করেন। তিন দিনব্যাপী বৈজ্ঞানিক অধিবেশনে অন্ধত্বের দ্বিতীয় বৃহত্তম কারণ এবং নীরব অন্ধত্বের প্রধান কারণ এই গ্লুকোমা রোগ নির্ণয় ও চিকিত্সা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এবার এই সম্মেলনে পাশ্চাত্যের অনেক দেশের বিশ্ববিখ্যাত গ্লুকোমা বিশেষজ্ঞ তাদের সর্বশেষ গবেষণা প্রবন্ধ পাঠ করেন। গ্লুকোমায় এশীয় ও প্যাসিফিক অঞ্চলে বিশেষ অবদানের জন্য এপিজিএস বিশেষ পুরস্কার পেলেন নিউইয়র্ক আই ইনফারমারির অধ্যাপক ডাঃ রবার্ট রিচ। ২০০৫ সালে আমার সৌভাগ্য হয়েছিল এই খ্যাতনামা অধ্যাপকের সঙ্গে কাজ করার। তার গ্লুকোমার উপর ৩ খন্ডে লেখা বই এখনও রেফারেন্স টেক্সবুক। গ্লুকোমার আধুনিক লেজার চিকিত্সা এসএলটি-এর জন্য যে বিশেষ লেন্সটি প্রয়োজন হয় তার ডিজাইন তিনি করেছিলেন এবং এজন্যেই এই লেন্সের নাম রিচ লেন্স। আমি অত্যন্ত খুশি হলাম তাকে পুরস্কার দেয়ার জন্য। অধ্যাপক রিচ এর সাথে আমার পরিচয় ১৯৯২ সালে দিল্লিতে একটি কনফারেন্সে। তাঁর সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করলে তিনি বলেছিলেন- আগামী ২ বছর কোন স্থান খালি নেই। ২০০৫ সালে ট্রেনিং করার সুযোগ আছে। আমার মত এশিয়ার অনেক দেশের চক্ষু চিকিত্সক আমেরিকার নিউইয়র্ক আই ইনফারমারিতে ট্রেনিং-এর সুযোগ পেয়েছেন এবং আধুনিক গ্লুকোমা রোগ নির্ণয় ও চিকিত্সার সাথে পরিচিতি লাভ করেছেন। এবার কংগ্রেসের সভাপতি ছিলেন ইন্দোনেশিয়ার সদা হাস্যোজ্জ্বল মহিলা ডা. আইক সুমাত্রি। জাপানের মাকাটো আরাইয়ে, অস্ট্রেলিয়ার আইভান গোল্ডবার্গ, সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারের প্রধান অধ্যাপক তিন আং, ভারতের বিজয়া লিঙ্গম, থাইল্যান্ডের প্রিণ রজনাপংপুনসহ অনেক আন্তর্জাতিক খ্যাতনামা গ্লুকোমা বিশেষজ্ঞের প্রবন্ধ, তাদের অপারেশন ভিডিও দেখার সুযোগ হয়েছে এই সম্মেলনে। দারুণ বিতর্ক হলো একটি অধিবেশনে। গ্লুকোমার প্রাথমিক চিকিত্সা-ফোঁটা ওষুধ ভাল নাকি লেজার চিকিত্সা ভাল। দুই পক্ষই যুক্তিতর্ক দিয়ে বোঝালেন ওষুধের দাম কম, সবখানেই পাওয়া যায় তাই ওষুধ দিয়ে চিকিত্সা শুরু করাই ভাল। যারা লেজারের পক্ষে বললেন, তাদের ভাষায় লেজার (সিলেকটিভ লেজার ট্রাবিকুলোপ্লাস্টি বা এসএলটি) একবার দিলে এক থেকে দুই বছর ওষুধের প্রয়োজন নাও হতে পারে। প্রতিদিন ৩/৪ বার ওষুধ দেয়ার ঝামেলা নেই। লেজারের কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই ইত্যাদি। একটি অধিবেশনে দেখানো হলো ট্রাবিকুলেকটমি হাউ আই ডু ইট বা গ্লুকোমা অপারেশন আমি কিভাবে করি? ৬ জন খ্যাতনামা সার্জনের অপারেশনের প্রকারভেদ দেখার পর আমি কিভাবে করবো তা ভাবতে অনেক সুবিধা হয়। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশে ৫০০-১০০০ ডলার মূল্যের ইমপ্ল্যান্ট আমরা সব রোগীকে লাগাতে পারবো না। কিন্তু অল্প খরচে ভালো অপারেশন কোনটি সেটি বুঝতে সমস্যা হয়নি। বৈজ্ঞানিক সম্মেলন ছাড়াও এবার এশিয়া প্যাসিফিক গ্লুকোমা সোসাইটি-এর বার্ষিক সাধারণ সভায় পরিচালকমন্ডলীর নির্বাচন অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়ার অধ্যাপক আইভান গোল্ডবার্গ সভাপতি, জাপানের মাকাটো আরাইয়ে সহ-সভাপতি, মালয়েশিয়ার সেং খিয়ং ফ্যাং সম্পাদক এবং অস্ট্রেলিয়ার পল হিয়ালি কোষাধ্যক্ষ নির্বাচিত হন। এছাড়া জাপান, চায়না, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, হংকং, ফিলিপাইন, তাইওয়ান, ভারত ও বাংলাদেশ থেকে একজন করে সদস্য নিয়ে ১৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী বোর্ড গঠন করা হয়। বাংলাদেশ থেকে আমাকে এই বোর্ডের সদস্য নির্বাচন করায় দেশের জন্য গৌরববোধ করি। এপিজিএস-এর বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে গ্লুকোমায় নানা দেশে ট্রেনিং, একসঙ্গে গবেষণা করা, সম্মেলন করা, জার্নাল প্রকাশ করা ইত্যাদি। এসকল কর্মসূচিতে আমাদের দেশের অংশগ্রহণ এখন অনেকটা সহজ হবে এবং প্রাধান্য পাবে বলে আমি মনে করি। সম্মেলন শেষ হলো বালি ভ্রমণের মধ্য দিয়ে। কনফারেন্সের পক্ষ থেকে একমপ্যানিং পারসনদের জন্যে আকর্ষণীয় ভ্রমণের ব্যবস্থা করা হয়। আমার স্ত্রী ডা. নাজমা ইয়াসমিন এই সম্মেলনে একজন একমপ্যানিং পারসন ছিলেন এবং তার সঙ্গে ভ্রমণসঙ্গী হয়ে আমিও কিনতামানি আগ্নেয়গিরি ও সাবমেরিন ট্যুরের সমুদ্র তলদেশের অসাধারণ সৌন্দর্য দেখার সুযোগ পাই।  লেখক : চক্ষু বিভাগ, বারডেম হাসপাতাল, ঢাকা। ই-মেইল ঃ [email protected]

এ সম্পর্কিত আরও পড়ুন